- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৭, ২০২৩
হত্যার চেষ্টা করেছিলেন সন্দীপ। হরিয়ানার মন্ত্রীর বিরুদ্ধে আবার এফআইআর দায়ের করলেন হকি কোচ
হরিয়ানার মন্ত্রী ও ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন একজন জুনিয়র মহিলা হকি কোচ। এবার সন্দীপ সিংয়ের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে আরও একটা এফআইআর দায়ের করেছেন তিনি। পঞ্চকুলা পুলিশের কাছেদায়ের করা এফআইআর-এ মহিলাটি আরও জানিয়েছেন, তাঁর নামে অভিযোগ করার পর থেকে সন্দীপ সিং তাঁকে খুনের হুমকি দিচ্ছেন।
ইমেলের মাধ্যমে করা অভিযোগে মহিলাটি পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার যখন পঞ্চকুলার সেক্টর ৫-এ স্কুটিতে তেল ভরার জন্য তিনি যখন থামেন, তখন একটা কালো এসইউভি দ্রুত গতিতে এসে তাঁকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। ওই গাড়ির চালকের উদ্দেশ্য ছিল আমাকে খুন করা। কয়েকজন পথচারী গাড়িটি থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। মহিলার দাবি, তিনি পুলিশের জরুরি নম্বরে (১১২) ফোন করেও সাহায্য পাননি। মহিলাটি আরও দাবি করেছেন, এই ঘটনা আমার নিরাপত্তা লঙ্ঘন করেছে। প্রাণঘাতীও হতে পারত। এই ঘটনা প্রথম নয়, এর আগেও ঘটেছে।” ওই মহিলা সন্দীপ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
মহিলার অভিযোগের ব্যাপারে পঞ্চকুলার সেক্টর ৫ থানার স্টেশন হাউস অফিসার অজিত সিং বলেছেন যে, “প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপে অভিযোগ পেয়েছিলাম। তারপর আমরা তাঁকে ইমেলের মাধ্যমে অভিযোগ পাঠানোর জন্য অনুরোধ করি। ইমেলে অভিযোগ পাঠানোর পরপরই আমরা এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছি।” তিনি আরও বলেন, “গাড়িটি সনাক্ত করতে ঘটনাস্থলের চারপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখব।”
২৯ ডিসেম্বর ২০২২-এ দায়ের করা প্রথম এফআইআর-এ ওই মহিলা কোচ অভিযোগ করেছিলেন যে, ওই বছরের শুরুতে সন্দীপ সিং কিছু কাজের জন্য তাঁকে তাঁর চণ্ডীগড়ের বাড়িতে ডেকেছিলেন। সেখানে একটা কেবিনের মধ্যে নিয়ে গিয়ে যৌন হেনস্তার চেষ্টা করেন। দরজা খোলা থাকায় তিনি পালাতে সক্ষম হন এবং ধর্ষিত হওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করেন। সেই সময় সন্দীপ সিং হরিয়ানার ক্রীড়ামন্ত্রী ছিলেন। তারপরেও সন্দীপ সিং নাকি মানসিকভাবে তাঁকে হয়রানি করতেন এবং তাঁর কেরিয়ারকে বিপন্ন করার চেষ্টা করেছিলেন। সন্দীপ সিং অবশ্য দাবি করেছেন, তাঁর সুনাম নষ্ট করার জন্যই এই অভিযোগ করা হয়েছে। তিনি ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হরিয়ানার মনোহর লাল খাট্টার সরকারের স্টেশনারি মন্ত্রী হিসেবে বহাল রয়েছেন।
❤ Support Us








