Advertisement
  • দে । শ
  • মার্চ ৩, ২০২৫

এনআরসি, সিএএর বিরুদ্ধে চলবে ধারাবাহিক আন্দোলন। চালু হোক দলপতি ভাতা, জেলা সম্মেলনে রাজ্যের কাছে আর্জি মতুয়া সংগঠনের

আরম্ভ ওয়েব ডেস্ক
এনআরসি, সিএএর বিরুদ্ধে চলবে ধারাবাহিক আন্দোলন। চালু হোক দলপতি ভাতা, জেলা সম্মেলনে রাজ্যের কাছে আর্জি মতুয়া সংগঠনের

রাজ্য সরকারকে কৃতজ্ঞতা ও রাজ্য সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে শেষ হল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পূর্ব বর্ধমান জেলা সম্মেলন ও  মতুয়া মিলন মহোৎসব। গুসকরায় আয়োজিত এই সম্মেলনে এসে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সভাপতি সুপ্রভাত গায়েন বলেন, ‘রাজ্য সরকার অনেক উন্নয়নমূলক কাজ করছেন। এই সরকার মতুয়াদের পাশে সবসময় থাকে। সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেন।’ এনআরসি, ক্যা-র বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন গড়ার ঘোষণা হয়। সেইসঙ্গে মতুয়া সম্প্রদায়ের সাধু, গোঁসাই, দলপতিদের জন্য ভাতা চালু করার দাবি উঠল। জানা গেল, রাজ্যে এরকম সাধু, গোঁসাই, দলপতির সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি। সম্মেলন থেকে তাঁদের পাট্টা দেওয়ার দাবি জানানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

মতুয়া সঙ্ঘাধিপতি রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের নেতৃত্বে নানারকম জনসেবায় উল্লেখযোগ্য কাজ করে চলেছে সংগঠনটি। উল্লেখ্য যে, মতুয়া সম্প্রদায়ের সদস্যরা একেবারে সহায় সম্বলহীন অবস্থায় এদেশে এসেছিলেন। তাঁরা রেললাইনের ধারে, নদীর চড়ে, বিভিন্ন কলোনিতে বসবাস করতে শুরু করেন। তাঁদের বাসস্থান, কর্মসংস্থান-সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই মতুয়া মহাসঙ্ঘ সবসময় সচেষ্ট। সুপ্রভাতবাবু জানান, আয়লার মত প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনে গিয়ে দুর্গতদের ত্রাণ বিলি করা হয়েছে। নিরন্ন মানুষদের মুখে তুলে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী। শীতের রাতে স্টেশনে স্টেশনে ঘুরে পথচারী, ভবঘুরে, ভিক্ষুকদের কম্বল তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, পূর্ব বর্ধমান জেলায় মতুয়া সম্প্রদায়ের জনসংখ্যা কমবেশি সাড়ে ৪ লক্ষ। এরমধ্যে কালনা, পূর্বস্থলী, আউশগ্রাম, মেমারি, কাঁকসা, জামালপুরের মত ব্লকগুলিতে সিংহভাগ মতুয়া সম্প্রদায়ের লোকজন। এই সমস্ত এলাকায় মতুয়া ওয়েলফেয়ার বোর্ড থেকে সোলার পথবাতি, ঢালাই রাস্তা, কালভার্ট তৈরির মত নানা ধরনের উন্নয়নের কাজ হয়েছে। রাজ্যে পূর্ব বর্ধমান জেলা-সহ ৭২টি বিধানসভায় মতুয়া সম্প্রদায়ের সদস্যরা নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন বলে দাবি মতুয়া মহাসঙ্ঘের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!