- কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ২০, ২০২২
নীল-সাদা রং বিতর্ক বিধানসভায় ! পথ দেখিয়েছে গুজরাট, জবাব ব্রাত্যর
ফাইল চিত্র
রং বিতর্কে বিধানসভায় । মঙ্গলবার, স্কুলের পোশাকের রং পরিবর্তন নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করেছিল বিরোধীরা । জবাবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় জানালেন, অনেক আগেই স্কুলের পোশাকের রং পরিবর্তন করেছে বিজেপি শাসিত রাজ্য আসাম এবং গুজরাট । সেই পথেই হেঁটেছে তৃণমূল সরকার।
মঙ্গলবার বিজেপির ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে ব্রাত্য বলেন, ‘‘অনেক আগেই গুজরাট ও অসম সরকার স্কুলের পোশাকের রং পরিবর্তন করেছে।’’ এ নিয়ে বিতর্ক অমূলক। প্রশ্ন উঠেছে কিছু স্কুলের পোশাকের নিজস্ব রং ছিল । সেই রং স্কুলের ঐতিহ্যের উপর ভিত্তি করে বেছে নেওয়া হয়েছিল । ব্রাত্য আরও বলেন, শুধুমাত্র সরকার পোষিত এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলেরই পোশাকের রং পরিবর্তন করা হয়েছে ।
প্রসঙ্গত, অগস্ট মাস থেকে স্কুলগুলিতে পোশাক দেওয়া শুরু করেছে রাজ্য সরকার । এই কাজে গতি আনতে ইতিমধ্যেই একধিক ব্যবস্থা নেওয়া হয়েছে । নীল-সাদা ওই পোশাকে থাকছে বিশ্ব বাংলার লোগো । যদিও রাজ্যের সব স্কুলের ক্ষেত্রে এই বিধি লাগু হচ্ছে না।
মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ব্রাত্য বসু আরও বলেন, ‘৬ বছর পর আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে । একটা নিয়ম তৈরি হচ্ছে ।’ সব জায়গার শূন্যপদ অনুসারে নিয়োগ করা হবে বলে দাবি করেছেন তিনি, তৈরি হচ্ছে সেই তালিকাও । কোনও ক্ষেত্রেই আর নিয়োগ বাকি থাকবে না বলে জানিয়েছেন মন্ত্রী । তিনি জানান, কলা, বিজ্ঞান বা বাণিজ্য বিভাগ, সব ক্ষেত্রে কোথায় কত শূন্যপদ আছে, তার তালিকা চাওয়া হয়েছে স্কুলের কাছে।
শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, বন্ধ স্কুলগুলো খোলার জন্য সরকার নতুন করে পলিসি আনবে । তিনি জানান,বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে । বেশিরভাগ ক্ষেত্রে ছাত্র সংখ্যা কম থাকার জন্য স্কুল বন্ধ হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। পরে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য জানান, যে সব স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই সব স্কুল সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে জেলাশাসকদের থেকে। জেলাশাসক ও বিধায়কদের কাছ থেকে রিপোর্ট এলে তা মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
❤ Support Us








