Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৯, ২০২৫

শনিবার রাতেই তামিলনাডুতে আছড়ে পড়ছে ‘‌ডিটওয়া’, জারি লাল সতর্কতা

আরম্ভ ওয়েব ডেস্ক
শনিবার রাতেই তামিলনাডুতে আছড়ে পড়ছে ‘‌ডিটওয়া’, জারি লাল সতর্কতা

‌ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে ইতিমধ্যেই বিপর্যস্ত শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চল এবং সংলগ্ন দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে ওপর দিয়ে চলমান এই ঘূর্ণিঝড়টি ক্রমশ তীব্রতর হচ্ছে এবং তামিলনাডু এবং পণ্ডিচেরী উপকূলের দিকে এগিয়ে আসছে। আজ মধ্যরাতে তামিলনাডু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্যজুনে সর্তকতা ব্যবস্থা নেওয়া হয়েছে। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ ৫৪ টি বিমান বাতিল করেছে। সরকার স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে কারাইকাল থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ডিটওয়া। এবং ধীরে ধীরে উত্তর তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার রাতেই উপকূলভাগে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এবং উপকূল রেখায় ঘন মেঘের আবরণ তৈরি করেছে। ভারতীয় আবহাওয়া দফতর উত্তর তামিলনাড়ু, পণ্ডিচেরী এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের জন্য লাল সর্তকতা জারি করেছে। ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে ২৯ ও ৩০ নভেম্বর ব–দ্বীপ এবং দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে।

ইতিমধ্যেই তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জেলা কালেক্টর এবং ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। তামিলনাড়ুর দক্ষিণ এবং ব-দ্বীপ জেলাগুলির জন্য একটা লাল সর্তকতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বিভিন্ন কর্তাদের পাঠানো হয়েছে। নিচু এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ু জুড়ে ২৪০ জন কর্মীর ৮টি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ৬০ জনের দুটি দল পণ্ডিচেরীতে মোতায়েন করা হয়েছে। আটকে পড়া ব্যক্তিদের যাতে দ্রুত খুঁজে বার করা যায় তারজন্য ডগ স্কোয়াডও পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই জাফনা, পণ্ডিচেরী, তুতিকোরিন, ত্রিচুরাপল্লী থেকে আসা এবং যাওয়ার বেশ কয়েকটা ফ্লাইট বাতিল করা হয়েছে। চেন্নাই বিমানবন্দর ৫৪ টি বিমান বাতিল করেছে। পামবান সেতুতে ৫৮ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হওয়ার কারণে শুক্রবার রাতে রামেশ্বরম•ওখা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়াও রামেশ্বরম•চেন্নাই রুটে ১১টি ট্রেনের গতিপথ দুদিনের জন্য বদল করা হয়েছে ।বেশ কয়েকটা ট্রেন বাতিল করা হয়েছে। তামিলনাড়ু সরকারি স্বাস্থ্য বিভাগ সব সরকারি হাসপাতালে সর্বক্ষণ মেডিকেল টিম মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, পেরাম্বলুর, তিরুভারুর, নাগাপট্টিনাম, মায়িলদুথুরাই, কুদ্দালোর, কাল্লাকুরিচি, পুদুকোট্টাই, পুদুচেরি এবং কারাইকালের স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিল্লুপুরম, তাঞ্জাভুর এবং তিরুচি জেলায় শুধুমাত্র স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজগুলি চালু থাকবে। পণ্ডিচেরী সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণা করেছে, যে শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এমন সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং ঘূর্ণিঝড় ডিটওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাসের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!