- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৪, ২০২৫
কালো ঘুঁটি নিয়েও জয়, ‘দুর্বল খেলোয়াড়’ বলা কার্লসেনকে মুখের ওপর জবাব ডি গুকেশের
কয়েকদিন আগেই বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে ‘দুর্বল খেলোয়াড়’ হিসেবে আখ্যা দিয়েছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। প্রশ্ন তুলেছিলেন গুকেশের যোগ্যতা নিয়ে। মুখে নয়, দাবার বোর্ডে কার্লসেনকে যোগ্য জবাব দিলেন ডি গুকেশ। ১৮ বছর বয়সী এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার বৃহস্পতিবার গ্র্যান্ড চেস ট্যুরের সুপার ইউনাইটেড ক্রোয়েশিয়া র্যাপিড ও ব্লিৎজ দাবায় ষষ্ঠ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে হারালেন কার্লসেনকে।
এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বরে রয়েছেন ম্যাগনাস কার্লসেন। ষষ্ঠ রাউন্ডে তাঁর বিরুদ্ধে গুকেশের লড়াইটা সহজ ছিল না। কারণ এই ফরম্যাটে কার্লসেন অনেকটাই এগিয়ে। কিন্তু কালো ঘুঁটি নিয়েও বাজিমাত করেন গুকেশ। প্রথম দিকে একটু রক্ষণাত্মক ছিলেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার। কিছুক্ষণ সময় নিয়ে কার্লসেনের ভুলের অপেক্ষা করেছিলেন। ২৬ নম্বর চালে কার্লসেনের ভুলের সুযোগ নিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন। ক্রমশই ব্যাকফুটে চলে যান কার্লসেন। ৪৯ চালের পর হার স্বীকার করে নেন।
কার্লসেনের বিরুদ্ধে এটা টানা দ্বিতীয় জয় গুকেশের। ৬ রাউন্ড শেষে ১০ পয়েন্ট যুগ্মভাবে শীর্ষে রয়েছেন গুকেশ। তাঁর সঙ্গে শীর্ষে রয়েছেন কার্লসেন, পোল্যান্ডের ডুডা ইয়ান ক্রিস্টফ ও আমেরিকার ওয়েসলি সো। যদিও প্রথম রাউন্ডেই ডুডার কাছে হেরেছিলেন গুকেশ। পরে অবশ্য ফ্রান্সের আলিরেজা ফিরৌজা ও স্বদেশীয় আর প্রজ্ঞানন্দকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান।
প্রতিযোগিতার শুরুতেই কার্লসেন গুকেশকে কটাক্ষ করে বলেছিলেন, ‘প্রতিযোগিতার সম্ভবত দুর্বল খেলোয়াড়দের মধ্যে গুকেশ অন্যতম। গতবছর ভাল খেললেও এখনও ওর প্রমাণ করা বাকি, এই ফরম্যাটে সেরা দাবাড়ুদের মধ্যে একজন।’ গুকেশের জয়ের পর ধারাভাষ্যকার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ বলেন, ‘এবার আমরা ম্যাগনাসের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলতে পারি। এটা কেবল আর একটা হার নয়, বিশ্বাসযোগ্য পরাজয়। গুকেশ কেবল ম্যাগনাসের ভুলগুলিকে কাজে লাগায়নি, অনেক ভাল খেলেছে।’
❤ Support Us







