Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৫

মোদির আমেরিকা সফর শেষ হতে না হতেই, দ্বিতীয় দফায় ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে ফেরাচ্ছেন ট্রাম্প

আরম্ভ ওয়েব ডেস্ক
মোদির আমেরিকা সফর শেষ হতে না হতেই, দ্বিতীয় দফায় ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে ফেরাচ্ছেন ট্রাম্প

প্রধানমন্ত্রী মোদির আমেরিকা সফর শেষ হতে না হতেই, দেশের পথে আরও ১১৯ ভারতীয় অবৈধ অভিবাসী। বিরোধীদের প্রবল সমালোচনার মধ্যে, শনিবার রাত ১০টায় পাঞ্জাবের অমৃতসরে নামবে মার্কিন সামরিক বিমান।

অবৈধ অভিবাসীদের নিজের দেশে ফেরাতে অবিচল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের নিজের নিজের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন। সেই তালিকায় বেশ কিছু ভারতীয়রাও রয়েছেন। যেসব ভারতীয় অবৈধভাবে মেক্সিকো সীমান্ত পেরিয়ে আমেরিকায় প্রবেশের চেষ্টা করেছিলেন এবং যাঁদের ভিসার মেয়াদ পেরিয়ে গিয়েছে, তাঁদেরকে অবৈধ অভিবাসী ভারতীয় বলে চিহ্নিত করেছে আমেরিকা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মার্কিন মুলুক থেকে ভারতে ফেরত এসেছেন ১০৪ জন অবৈধ অভিবাসী। এবার আরো ১১৯ জনকে ফেরাতে চলেছে আমেরিকা। বিরোধীদের প্রবল সমালোচনার মধ্যে, শনিবার রাত ১০টায় পাঞ্জাবের অমৃতসরে নামবে মার্কিন সামরিক বিমান। তা নিয়েই ক্ষোভ জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সূত্র অনুয়াযী, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের বাসিন্দা। ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের, ২ জন করে মহারাষ্ট্র ও রাজস্থানের বাসিন্দা রয়েছেন, গোয়া,হিমাচল প্রদেশ ও কাশ্মীরের ১ জন করে বাসিন্দা আছেন।

অবৈধ অভিবাসীদের বিমান কেন পাঞ্জাবেই নামানো হচ্ছে, কেন দেশের রাজধানী দিল্লিতে ওই বিমান নামছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁর অভিযোগ, পাঞ্জাবকে গোটা দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলো অমৃতসরে নামানো হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়েছেন তিনি। তবে একই সঙ্গে জানিয়েছেন, আমেরিকাফেরত অবৈধ অভিবাসীদের যথাসম্ভব সাহায্য করবে তার প্রশাসন। একইসঙ্গে ‘নাগরিক’দের শিকলে বেঁধে ফেরত পাঠানোর বিষয়ে কেন্দ্র সকরকে বিদ্ধ করে তিনি বলেছেন, ‘আমাদের কাউকে বেঁধে দেশে পাঠানো উচিত নয়। যদি কেউ বিদেশে যাচ্ছেন, তাঁরা যাচ্ছেন কারণ তাঁরা ভারতে চাকরি পাচ্ছেন না। তাঁরা তাঁদের স্বপ্ন পূরণের জন্য বিদেশে যাচ্ছেন। কেউ যাতে দেশ ছেড়ে না যায়, সে বিষটি দেখার দায়িত্ব ভারত সরকারের।’

বিজেপির মুখপাত্র আরপি সিং X-হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রবেশের জন্য অমৃতসর হলো নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর। এই কারণেই অবৈধ অভিবাসী বহনকারী মার্কিন বিমান সেখানে অবতরণ করছে।’ কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবারে আগের মতো যাত্রীদের বেঁধে রাখা হবে না। বিরোধীদের প্রবল বিক্ষোভের মাঝে আশ্বাস দিয়েছিলেন এস জয়শঙ্কর। তবে তিনি এও বলেছিলেন, এটা নতুন কিছু নয়, যুক্তরাষ্ট্র এভাবেই অবৈধ অভিবাসীদের ফেরায়। কংগ্রেসের আমলে কতজন ব্যক্তি এভাবে দেশে ফিরেছেন সে পরিসংখ্যান তুলে ধরেছিলেন। আমেরিকার দেওয়া তথ্য অনুযায়ী, সেদেশে ৪৮৭ জন ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন। তাঁদের সবাইকেই ধাপে ধাপে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন। প্রথম বিমানে থাকা বেশিরভাগ ব্যক্তিই হরিয়ানা, গুজরাট এবং পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। বিতর্কিত ডাঙ্কি রুট অবলম্বন করে তাঁরা আমেরিকায় পৌঁছে গিয়েছিলেন বলে অভিযোগ। বাড়ি-জমি বেচে, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমেরিকা যাওয়ার স্বপ্নপূরণ করেছিলেন অনেকেই। তবে তাঁদের ঠকিয়ে টাকা হাতিয়ে নেওয়া এমন এজেন্টদের ইতিমধ্যেই গ্রেপ্তার করাও শুরু করেছে পাঞ্জাব ও হরিয়ানা সরকার।

প্রসঙ্গত, সম্প্রতি দুদিনের আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের সাথে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়। দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাতে একাধিক বিষয়ে আলোচনা হয়েছিল। একে অপরের উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা গেছিল তাঁদের। আলোচনায় অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে কথাও হয়েছিল। বৈঠকে মোদী ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমেরিকায় যে সকল ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন, তাঁদের ফিরিয়ে নিতে প্রস্তুত ভারত।’ বিরোধীদের তরফ থেকে দাবি ছিল ‘বন্ধুত্বপুর্ণ’ সাক্ষাতে যেন নরেন্দ্র মোদী যেন ট্রাম্পের কাছে ভারতীয় অভিবাসীদের সঙ্গে মানবিক আচরণ করার দাবিটুকু অন্তত জানান। সফর শেষে রধানমন্ত্রী দেশে ফিরতে না ফিরতেই আবারও প্লেনভর্তি করে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প। গতবার এক ভিডিওতে দেখা গেছিল, ফেরত পাঠানো ব্যক্তিদের হাতে হাতকড়া ও পায়ে শিকল পরানো হয়েছিল। কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেন, আজ অমৃতসরে অবতরণ করা মার্কিন প্লেনে ফেরত আসা অভিবাসীদের কীভাবে আনা হচ্ছে, তা সবার নজরে থাকবে। তাদের কি হাতকড়া ও পায়ে দড়ি পরানো হবে? এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!