Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৪, ২০২৩

বিশ্বকাপের পর প্রথম মুখ খুললেন রোহিত:‌ ফাইনালে হারের যন্ত্রণা থেকে বেরিয়ে আসার রাস্তা জানা ছিল না

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপের পর প্রথম মুখ খুললেন রোহিত:‌ ফাইনালে হারের যন্ত্রণা থেকে বেরিয়ে আসার রাস্তা জানা ছিল না

ঘরের মাঠে বিশ্বকাপে দেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা। প্রতিযোগিতার শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স করেও ফাইনালে শেষরক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ। দেশকে বিশ্বকাপ এনে দিতে না পেরে হৃদয় ভেঙে খানখান হয়ে গিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার। ফাইনালে হারের পর সাংবাদিক সম্মলনেও আসেননি। এতদিন বিশ্বকাপে হার নিয়ে কোথাও মুখও খোলেননি। ছিলেন লোকচক্ষুর অন্তরালে। অবশেষে ২৪ দিন পর মুখ খুললেন রোহিত। বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের বেদনা ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা ব্যক্ত করেছেন। কঠিন সময় কাটিয়ে বার হয়ে আসা যে সহজ ছিল না, সেকথাও জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক।
বিশ্বকাপের পরপরই লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন রোহিত শর্মা। ছুটি কাটিয়ে দেশে ফিরে এসেছেন। দেশে ফিরেই নিজের ইনস্টাগ্রামে ৪ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন রোহিত। ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপের পর প্রথম সরাসরি হৃদয় থেকে’। এই ভিডিও বার্তায় রোহিত বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রমা থেকে বেরিয়ে আসার রাস্তা আমার জানা ছিল না। প্রথম কয়েক দিন বুঝে উঠতে পারছিলাম না কী করব। পরিবার ও বন্ধুবান্ধব সে সময় আমাকে হালকা রাখার চেষ্টা করেছিল। এই ব্যাপারটা আমাকে দারুণ সাহায্য করেছে। বিশ্বকাপ ফাইনালের পরাজয় হজম করা সহজ ছিল না। কিন্তু জীবন তো থেমে থাকে না। ক্রমশ এগিয়ে যায়। ফাইনালের হার ভুলে যাওয়া আমার কাছে খুবই কঠিন। নিজেকে এই যন্ত্রণা থেকে বার করে নিয়ে আসার চেষ্টা করছিলাম। যেখানেই গেছি, সবাই আমাদের প্রচেষ্টাকে প্রশংসা করেছে। সমর্থকদের জন্য খারাপ লাগছিল। কারণ, আমাদের সঙ্গে ওরাও স্বপ্নের অংশীদার ছিল।’‌
এবছরই রোহিতের কাছে শেষ একদিনের বিশ্বকাপ। টি২০ বিশ্বকাপ জেতার স্বাদ পেলেও একদিনের বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল রোহিতের কাছে। খুব কাছে এসেও স্বপ্ন পূরণ না হওয়ায় একটু বেশিই হতাশ ভারতীয় দলের অধিনায়ক। রোহিত বলেন, ‘‌একদিনের বিশ্বকাপ দেখেই আমি বড় হয়েছি। চ্যাম্পিয়ন হতে পারলে সেটাই আমার কাছে ক্রিকেটজীবনের পরম প্রাপ্তি হত। এতগুলো বছর ধরে বিশ্বকাপ জয়ের জন্যই তো আমরা পরিশ্রম করেছি। স্বপ্নপূরণ না হলে হতাশ হওয়াটাই স্বাভাবিক।’
ফাইনালে কোথায় ভুল হয়েছিল, তার ব্যাখ্যা অবশ্য রোহিত দেননি। তবে বিশ্বকাপে দল যে একেবারে নিখুঁত ক্রিকেট খেলেছে, তা মনে করেন না ভারত অধিনায়ক। তাঁর মতে, টানা ১০ ম্যাচ জেতায় ভুলগুলো ধরা পড়েনি। রোহিতের কথায়, ‘আমাদের দিক থেকে যা কিছু সম্ভব, সবই করেছি। আমরা টানা ১০ ম্যাচ জিতেছিলাম। ওই ১০টি  ম্যাচে যে ভুল করিনি, এমন নয়। প্রতিটি ম্যাচেই কিছু না কিছু ভুল হয়েছে। কখনও নিখুঁত ম্যাচ খেলা সম্ভব নয়। বড়জোর নিখুঁতের কাছাকাছি থাকতে পেরেছি। ফাইনালের আগে পর্যন্ত দাপটের সঙ্গে ক্রিকেট খেলেছি। আমি নিশ্চিত, আমাদের খেলা সবাই উপভোগ করেছে, আমাদের ভাল খেলতে গর্ববোধ করেছে।’
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন। ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে আবার মাঠে নামবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্বকাপের ব্যর্থতার শোক কাঠিয়ে ওঠার সুযোগ ভারত অধিনায়কের সামনে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!