- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৮, ২০২৬
শেষ মুহূর্তের গোলে আইএফএল চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার, নিশ্চিত আইএসএল-এ খেলার সুযোগ
আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলার সুযোগ পেয়েছিল মহমেডান স্পোর্টিং। কিন্তু কলকাতার এই তৃতীয় প্রধান নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। চলতি মরশুমে আইএসএলের লিগ টেবিলে সবার শেষে রয়েছে সাদা–কালো ব্রিগেড। আইএসএল থেকে অবনমন নিশ্চিত করে ফেলেছে। তাহলে কি বাংলা থেকে আইএসএলে একটা দল কমে যাবে? সেই আশঙ্কা উড়িয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। প্রথম মরশুমেই ইন্ডিয়ান ফুটবল লিগে (আইএফএল) চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলা নিশ্চিত করল।
রবিবার গোয়ার মারগাঁওয়ে ডায়মন্ড হারবার এফসি–র খেলা ছিল ডেম্পোর সঙ্গে। নাটকীয় ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও হুগো দিয়াজের ইনজুরি সময়ের গোলে সমতা ফেরায় ডায়মন্ড হারবার এফসি। ম্যাচ ১–১ গোলে ম্যাচ ড্র হয়। চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ দুটি ম্যাচে মাত্র ১ পয়েন্ট দরকার ছিল ডায়মন্ড হারবার এফসি–র। ডেম্পোর বিরুদ্ধেই ১ পয়েন্ট তুলে নিয়ে প্রথমবার আইএফএল চ্যাম্পিয়ন হলো। পাশাপাশি ২০২৬–২৭ সালের আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করতে সাহায্য করল।
খেলার প্রথম ৩০ মিনিট ডায়মন্ড হারবারকে দেখে মনে হচ্ছিল কিছুটা স্নায়ুচাপে ভুগছে। ভুলভাল পাস খেলছিল। আক্রমণাত্মক কৌশলে ঠিকঠাক হচ্ছিল না। ডায়মন্ড হারবার রক্ষণভাগের ভুলে প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ডেম্পোর সামনে। কিন্তু সেবাস্তিয়ান গুতিয়েরেজের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ডেম্পো বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিল এবং ডায়মন্ড হারবারের ভুলের সুযোগ নিচ্ছিল। গুতিয়েরেজের আরও একটা শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ডায়মন্ড হারবারও দুটি সহজ সুযোগ তৈরি করেছিল। মিকেল কোর্তাজারের ফ্রিকিক শট বারের ওপর দিয়ে চলে যায়। হুগো দিয়াজের শট আটকান ডেম্পো গোলকিপার আশিস সিবি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।
ম্যাচের ৫০ মিনিটের মাথায় এগিয়ে যায় ডেম্পো। মার্কাস জোসেফের ফ্রিকিক ডায়মন্ড হারবারের প্রাচীরে লেগে ফিরে এলে দ্বিতীয় প্রচেষ্টায় তিনি বল জালে পাঠান। এরপরই ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা মাঠে নামান লুকা মাজসেন, ব্রাইস মিরান্ডা ও রামদিনথারাকে। তাতেও কাজের কাজ কিছু হয়নি। বরং গুতিয়েরেজের নেতৃত্বে দাপট দেখাচ্ছিল ডেম্পো। শেষদিকে বৃষ্টি আরও সমস্যায় ফেলে দেয় ডায়মন্ড হারবারকে। ম্যাচের ইনজুরি সময়ে পরিবর্ত হিসেবে মাঠে নামা গিরিক খোসলা বক্সের মধ্যে নিখুঁত সেন্টার রাখেন। দুরন্ত হেডে গোল করে সমতা ফেরান লুই দিয়াজ। একইসঙ্গে ১ ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়ে পৌঁছে যায় আইএসএলে।
❤ Support Us








