Advertisement
  • দে । শ
  • আগস্ট ১৭, ২০২৩

শাহর জরুরি তলব । আজ সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রীর বাসভবনে যাচ্ছেন দিলীপ

আরম্ভ ওয়েব ডেস্ক
শাহর জরুরি তলব । আজ সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রীর বাসভবনে যাচ্ছেন দিলীপ

দিলীপ ঘোষকে আজ সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁর দিল্লির বাসভবনে জরুরি তলব করেছেন। বিজেপি সূত্রে এই খবর জানা গেছে। শোনা যাচ্ছে তাঁকে রাজ্য বিজেপির সাংগঠনিক কোনও দায়িত্ব দেওয়া হতে পারে। সম্প্রতি দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পর থেকে বঙ্গ বিজেপির অন্দরে দিলীপ ঘোষ পন্থীদের ক্ষোভ বাড়ছে। ২০২৪ -এর লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির সব নেতা থেকে নিচুতলার কর্মী যেন এক স্বরে কথা বলে সেই দিকে তাকিয়েই দিলীপ ঘোষকে ডাক।

প্রসঙ্গত বঙ্গ বিজেপির সভাপতিদের মধ্যে দিলীপ ঘোষের সময়কালে পশ্চিমবঙ্গে বিজেপি লোকসভা ও বিধানসভায় সবচেয়ে আসন পায়। তিনি নিজেও  বিধানসভা ও লোকসভা নির্বাচনে জিতেছেন। বাংলায় বিজেপির সংগঠন সবচেয়ে শাক্তশালী হয়েছে দিলীপ ঘোষের আমলেই। এটা বিজেপির বাংলার নেতারা তো বটেই জাতীয় নেতারাও জানেন। দিলীপ ঘোষের আমলেই তৃণমূল ভেঙে শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পরেই সংঘ পরিবার থেকে উঠে আসা বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মন কষাকষি শুরু হয়। বিজেপির মধ্যে নিয়মানুবর্তিতার অভাব দেখা যায়। যে বিজেপি দলে বৈঠক করে কর্মসূচি ঘোষণা করা হত সেখানে শুভেন্দু অধিকারীকে দেখা গেছে তৎকালীন বিজেপি রাজ্য সভাপতির পাশে দাঁড়িয়ে মঞ্চ থেকে দলীয় কর্মসূচি ঘোষণা করে দিতে। দলের মধ্যে শুভেন্দু অধিকারী একটি গোষ্ঠী তৈরী করে ফেলেন, যারা তাঁকেই গুরুত্ব দেওয়া শুরু করে। এর পর সদ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের পঞ্চায়েত নির্বাচনের পর্যালোচনা বৈঠকে শুভেন্দু দিলীপ ঘোষের সামনে , যে পি নাড্ডার উপস্থিতিতে বলে দেন, “শুধু ভাষণ দিলেই চলবে না। নিজের এলাকায় জিততে হবে।” প্রসঙ্গত দিলীপ ঘোষ পঞ্চায়েত নির্বাচনে তাঁর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপিকে উল্লেখযোগ্য সাফল্য এনে দিতে পারেননি। বালুরঘাটে সুকান্ত মজুমদার তাঁর লোকসভায় বিজেপিকে  উল্লেখযোগ্য ফল দিতে পারেননি। তবে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ১ এবং ২ নম্বর বিজেপির দখলে রেখেছে পঞ্চায়েত নির্বাচনে। এই সব নিয়ে সুকান্ত-দিলীপ-শুভেন্দু জটিলতা বেড়েছে।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে এই সব কারণেই দিলীপ ঘোষকে অমিত শাহ ডেকে পাঠিয়েছেন। সম্প্রতি যে পি নাড্ডা যে বৈঠক কলকাতায় করে গিয়েছেন সেই বৈঠকে রিপোর্ট তিনি অমিত শাহকে জানিয়েছেন। সেই রিপোর্টে বঙ্গ বিজেপির ঘরোয়া কোন্দলের বিষয়টি স্পষ্ট হয়েছে। তাই আশা করা যাচ্ছে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির কোনও দায়িত্বে আবার ফিরিয়ে আনা হতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!