- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মার্চ ২৪, ২০২৩
প্রয়াত চিত্র পরিচালক প্রদীপ সরকার
শুক্রবার ভোররাতে জীবনাবসান হল প্রখ্যাত চিত্র পরিচালক প্রদীপ সরকারের। বয়স হয়েছিল ৬৮ বছর। ‘পরিণীতা’, ‘লাগা চুনারি মে দাগ’, ‘মর্দানি’ থেকে শুরু করে নানা ছবিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। বিশিষ্ট পরিচালক প্রদীপ সরকারের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সূত্রের খবর, এদিন প্রদীপ সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে মুম্বইয়ের সান্তাক্রূজের মহাশ্মশানে।
এদিন সকালে প্রদীপ সরকারে জীবনাবসানের খবর ছড়িয়ে পরতেই শোকস্তব্ধ হয় বলিউড সহ ভারতের গোটা চলচ্চিত্র জগৎ। শোকপ্রকাশ করেছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ, চিত্র পরিচালক অশোক পণ্ডিত থেকে শুরু করে টেলিভিশন প্রোডিউসর সিদ্ধার্থ বসু, চিত্র সমালোচক তারণ আদর্শ এবং বলিউডের কলাকুশলীরা। প্রয়াত চিত্র পরিচালক প্রদীপ সরকারের পরিবারবর্গকে সকলেই সমবেদনা জানিয়েছেন।
সূত্রের খবর, অসুস্থ প্রদীপ সরকারের ডায়ালিসিস চলছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৬৮ বছরের প্রদীপবাবুকে এদিন ভোররাতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে্ তিনটেয় তাঁর জীবনাবসান হয়েছে।
এদিন অভিনেত্রী নীতু চন্দ্র সংবাদ মাধ্যমকে প্রদীপ সরকারের জীবনাবসানের খবর জানান। নীতুর অভিনীত প্রথম ছবির পরিচালক ছিলেন প্রদীপ সরকার। প্রদীপ সরকারের পরিবারেরও ঘনিষ্ঠ ছিলেন তিনি।
কেবল চিত্র পরিচালক হিসেবেই নয়, প্রদীপ সরকার খ্যাতি অর্জন করেছিলেন বিজ্ঞাপনী চলচ্চিত্র, মিউজিক ভিডিয়ো বানানোর ক্ষেত্রেও। কর্মজীবনে কাজের স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কারও পেয়েছেন। পরিচালক হিসেবে পেয়েছেন জি সিনে অ্যাওয়ার্ড, গিল্ড অ্যাওয়ার্ড থেকে শুরু করে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের মতো বেশ কিছু পুরস্কার।
সূত্রের খবর, আজ বিকেল চারটে নাগাদ সান্তাক্রূজ মহাশ্মশানে প্রয়াত চিত্র পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে।
❤ Support Us







