- বি। দে । শ
- এপ্রিল ১৭, ২০২৪
প্রবল বৃষ্টিতে বন্যা, জলের নীচে দুবাই বিমানবন্দর
প্রচণ্ড দাবদাহের জন্য পরিচিত সংযুক্ত আরব আমিরশাহিসহ উপসাগরীয় মরুদেশগুলি। আর সেই মরুদেশেই কিনা বন্যা! প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। জলের তলায় বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দর। বন্যার জলের তলায় বেশ কয়েকটি বিমান। দীর্ঘক্ষণ বিমান চলাচল বন্ধ থাকে। বহু বিমান বাতিল করা হয়েছে। একাধিক বিমানের গতিপত বদল করা হয়েছে। আজ রাত ১২টা পর্যন্ত বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।
গত কয়েকদিন ধরেই সংযুক্ত আরব আমিরসহ মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। প্রবল বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটা শহর জলের তলায়। ডুবে গিয়েছে রাস্তাঘাট। দুবাই ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন শহরের বাসিন্দাদের বাড়ি থেকে বার না হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বহু সংস্থা কর্মীদের বাড়ি বসেই অফিসের কাজ করার অনুমতি দিয়েছে। স্কুলেও অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুবাই, আবুধাবি এবং শারজায় অতিভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা আছে।
অতিবৃষ্টির জেরে দুবাইয়ের একাধিক শপিং মল জলে ডুবে গেছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে একটা শপিং মলের ছাদ ধসে পড়েছে। সামগ্রিক ক্ষয়ক্ষতির কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, রাস আল–খাইমাহতে জলের তোড়ে গাড়ি ভেসে গিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার বিকেল থেকে দুবাইয়ে বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার সকাল ৯টায় ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায় এবং সারা দিন ধরে চলতে থাকে। দিনের শেষে ১৪২ মিমির বেশি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে দুবাই বিমানবন্দর আগমন বন্ধ করে দেয় এবং যাত্রীরা আশেপাশের রাস্তাগুলি ঢেকে বন্যার জলের মধ্য দিয়ে টার্মিনালে পৌঁছন।
❤ Support Us







