- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৩, ২০২৬
ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম
শনিবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। সকাল ৫টা ৫৮ মিনিট নাগাদ আচমকা কম্পন অনুভূত হয় বিভিন্ন এলাকায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের সোরেং এলাকায়। কেন্দ্রস্থলের অবস্থান ছিল ২৭.২১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.২৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূগর্ভ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস।
Earthquake of magnitude 3.9 hit Soreng, Sikkim, at about 5:58 am: National Center for Seismology
(@NCS_Earthquake) pic.twitter.com/pXf3AYdF1q— Press Trust of India (@PTI_News) January 3, 2026
কম্পন মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে। সেই সময় অনেকেই গভীর ঘুমে ছিলেন। হঠাৎ খাট, আসবাবপত্র কেঁপে উঠতেই আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। কম্পনের তীব্রতা খুব বেশি না হলেও নিরাপত্তার কথা ভেবে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
তবে এখনও পর্যন্ত বড়ো কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিকিম ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবেই পরিচিত। হিমালয় সংলগ্ন এই অঞ্চলে আগেও একাধিক ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। নতুন বছরের সময় হওয়ায় এই মুহূর্তে সিকিমে পর্যটকদের ভিড় তুলনামূলক বেশি। ফলে কম্পনের খবর ছড়াতেই অনেক পর্যটকও আতঙ্কিত হয়ে পড়েন।
প্রসঙ্গত, ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পে সিকিমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছিল। সেই ভয়াবহ স্মৃতি আজও মানুষের মনে তাজা। যদিও সেই বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে বাঙালির অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র সিকিম।
❤ Support Us






