- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১১, ২০২২
গ্রেপ্তার মানিক ভট্টাচার্য, আদালতে পৌঁছতেই ‘চোর চোর’ স্লোগান, দেখানো হল জুতো
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করল ইডি। সোমবার সারারাত ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা পর তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা মাত্র তুমুল বিক্ষোভ শুরু হয়। আদালত চত্বরের বাইরে ‘চোর চোর’ বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। জুতো হাতে একেবারে সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা।
প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআইও। সিবিআই–য়ের মামলায় তাঁর গ্রেপ্তারের ব্যাপারে সুপ্রীম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ইডির আর্থিক দুর্নীতির মামলায় তাঁর কোনও রক্ষাকবচ নেই। তাই সারারাত জেরা করে বক্তব্যে অসঙ্গতি থাকায় মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ইডি। এরপর মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দুপুরে আদালতে তোলা হয় মানিককে।
এদিন দুপুরে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে আদালতে নিয়ে আসার সময় আদালতের বাইরে চরম উত্তেজনা তৈরি হয়। মানিক ভট্টাচার্য পৌঁছতেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। কয়েকশ মানুষ আদালত চত্বরে জোড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ‘চোর চোর’ বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। মহিলারা জুতোও দেখান। ঘটনার পরেই ব্যাঙ্কশাল আদালতের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
অন্যদিকে, ইডির হাতে মানিকের গ্রেপ্তারের পরেই খুশি আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। প্রায় ৫০০ দিনেরও বেশি সময় ধরে তাঁদের বিক্ষোভ চলছে। তবে মানিকের গ্রেপ্তারের পরেই প্রতীকী আন্দোলন শুরু করেছেন বিক্ষোভকারীরা। যেখানে একজনকে মানিক সাজিয়ে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এমন প্রতীকী ছবি তুলে ধরা হয়েছে।
❤ Support Us







