- দে । শ
- জুলাই ৩০, ২০২৪
তৃণমূল নেতা আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে ইডি হানা। দিনভর তল্লাশি।
বসিরহাটে এক ব্যবসায়ীর বাড়িতে আজ দিনভর চলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। ভোর ৫ টা থেকে ই ডি আধিকারিকদের একটি দল বসিরহাটের সংগ্রামপুরে ব্যবসায়ী আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে হানা দেয়। ওই ব্যবসায়ী তৃণমূল ঘনিষ্ঠ বলে জানা গেছে। ১০ –১২ জনের একটি দল এদিন বারিকের বাড়িতে ও বাড়ির কাছেই রাইস মিলে হানা দেয়। সঙ্গে ছিল বিএসএফের বিশাল বাহিনী। গোটা বাড়ি ও রাইস মিল এলাকা ঘিরে রাখে তারা। বিকেল ৩ টে নাগাদ তার বাড়িতে তল্লাশি শেষ করে বেরিয়ে এলেও রাইস মিলে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চলে। বসিরহাটের সংগ্রামপুরে বাড়ি বারিক বিশ্বাস তৃণমূলের একজন অলিখিত নেতা। বলতে গেলে বারিকের কথাই বসিরহাটে তৃণমূলের শেষ কথা। বারিকের ভাই ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সদস্য। এবারে ভাইয়ের স্ত্রী জেলা পরিষদের সদস্যা। তৃণমূল ক্ষমতায় আসার পর বারিকের উত্থান। কয়েক বছর আগে প্রচুর সোনা সহ কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিল বারিক। তার জেল হয়। তার বিরুদ্ধে কয়লা সোনা, গোরু সহ একাধিক পাচারের অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। একসময় বসিরহাট মহকুমায় গোরু পাচার একাই নিয়ন্ত্রন হত বারিকের হাত দিয়ে। বর্তমানে অনেকগুলি ইট ভাটা, রাইস মিল, পেট্রোল পাম্প, মার্বেল ব্যবসা, হোটেল ব্যবসা, ঘোজাডাঙা সীমান্তে পার্কিংয়ের কারবার করে ফুলে ফেঁপে উঠেছে বারিক বিশ্বাস। ঘোজাডাঙা সীমান্তে পার্কিং থেকে প্রচুর টাকা করেছে বারিক। গত বছর ২৯ জুলাই সিআইডি বারিক বিশ্বাসকে ফের গ্রেপ্তার করে। তার জেল হয়।
❤ Support Us






