Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৪, ২০২৫

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত তথ্যচুরির অভিযোগ ! শিলিগুড়ির একাধিক জায়গায় ইডির অভিযান

আরম্ভ ওয়েব ডেস্ক
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত তথ্যচুরির অভিযোগ ! শিলিগুড়ির একাধিক জায়গায় ইডির অভিযান

সাতসকালে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় চমকপ্রদ অভিযান ! বুধবার সকাল থেকে একাধিক জায়গায় তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এদিন শহরের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মহারাজা কলোনি আর নতুন পাড়ার কয়েকটি বাড়িতে একযোগে অভিযান চালায় ইডি। গোটা এলাকা ঘিরে রেখেছে আধা-সামরিক বাহিনী, যার ফলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, বিদেশে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এলাকার যুবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিল একটি সংস্থা। ওই তথ্য ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেন চলছিল। প্রতারিত বহু যুবক আগেই ইডির কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই ভিত্তিতেই অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে খবর, মূল অভিযুক্ত শুভম গুপ্তা, মহারাজা কলোনির বাসিন্দা ও পেশায় একটি ইন্টারনেট ক্যাফের মালিক। তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকার বে-আইনি মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, শুভম একাধিকবার দুবাই গিয়েছিলেন, এরপরই তাঁর গতিবিধি গত কয়েক মাস ধরে নজরদারিতে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য জায়গায় আরো দুটি বাড়িতে হানা দেয় ইডির দল। শুধু তাই নয়, মাটিগাড়া এলাকার একটি বাড়িতেও অভিযান চালায় ইডি।

সূত্রের খবর, দিল্লি থেকে আসা ইডির এই বিশেষ দল সোমবার রাতেই শিলিগুড়িতে পৌঁছায়। মঙ্গলবার ও বুধবার দুদিন ধরে, ৩টি দলে ভাগ হয়ে একাধিক জায়গায় অভিযান চালান তাঁরা। অভিযুক্তদের বিরুদ্ধে বে-আইনি আর্থিক লেনদেন ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ঘটনা প্রসঙ্গে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবেক সিং বলেন, ‘সকালে খবর পাই আমার ওয়ার্ডে ইডির অভিযান চলছে। ঘটনাস্থলে গিয়ে দেখি শুভম গুপ্তার বাড়িতে তল্লাশি চলছে। আরো ২টি জায়গায় অভিযান চলছে বলে জানতে পারি। শুনেছি, অবৈধ অর্থ সংক্রান্ত অভিযোগ উঠেছে।’ যদিও, এ পর্যন্ত ইডির তরফে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে শহরজুড়ে উত্তেজনা আর কৌতূহল তুঙ্গে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!