- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৬, ২০২৬
দুরন্ত লড়াই ইতালির, অভিজ্ঞতায় জয় ইংল্যান্ডের
টি২০ ক্রিকেটে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ব্যাটিং শক্তিও রীতিমতো নজর কাড়ার। দলে রয়েছেন ফিল সল্ট, জস বাটলার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুকের মত আক্রমণাত্মক ব্যাটাররা। অথচ চলতি টি২০ বিশ্বকাপে এখনও সেভাবে বিধ্বংসী মেজাজে দেখা যায়নি ইংল্যান্ডকে। স্কটল্যান্ডের বিরুদ্ধে কষ্টার্জিত জয়। ইতালির বিরুদ্ধে অবশ্য বড় রান হ্যারি ব্রুকদের। দুরন্ত লড়াই করল ইতালিও। তবু আজুরিদের হার ২৪ রানে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটা ভাল হয়নি। তৃতীয় ওভারে মাত্র ৩ রান করে আউট হন জস বাটলার। ষষ্ঠ ওভারে ফিরে যান ফিল সল্ট (১৫ বলে ২৮। ২ ওভার পরেই আউট হন জ্যাকব বেথেল (২০ বলে ২৩)। টম ব্যান্টন ২১ বলে ৩০ রান করে ফিরে যান। অধিনায়ক হ্যারি ব্রুক (৯ বলে ১৪) আবার ব্যর্থ।
ব্রুক ফিরে যাওয়ার পর সাম কারেন ও উইল জ্যাকস ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দুজনের জুটিতে ২৫ বলে ওঠে ৫৪। ১৯ বলে ২৫ রান করে আউট হন কারেন। জ্যাকসের সৌজন্যেই ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ২০২/৭ রান তোলে। ২২ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস।
ইংল্যান্ডের বড় রানের জবাব দেওয়ার মতো শক্তি নেই ইতালির। তবুও দারুণ লড়াই করল। প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। চতুর্থ ওভারে হ্যারি মানেত্তি (১১ বলে ১২) আউট হওয়ার পর চাপ আরও বেড়ে যায়। এরপর প্রতিরোধ গড়ে তোলেন জাস্টিন মোসকা ও বেঞ্জামিন মানেত্তি। চতুর্থ উইকেটের জুটিতে দুজনে তোলেন ৪৮ বলে ৯২। ২৫ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন বেঞ্জামিন। তাঁর ইনিংসে রয়েছে ৪টি ৪ ও ৬টি ৬। বেঞ্জামিন আউট হওয়ার পর লড়াই জারি রেখেছিলেন গ্র্যান্ট স্টুয়ার্ট (২৩ বলে ৪৫)। তিনি আউট হওয়ার পরই জয়ের আশা শেষ হয়ে যায় ইতালির। শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ১৭৮। ইংল্যান্ডের হয়ে ওভারটন ও কারেন ৩টি করে উইকেট নেন।
অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে ৫ উইকেটে হারিয়ে সুপার এইটের আশা জিইয়ে রাখল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রান তোলে সংযুক্ত আরব আমিরশাহি। ৪৮ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন শোয়েব খান। দুরন্ত বোলিং করে ১৫ রানে ৪ উইকেট নেন আজমাতুল্লাহ ওমরজাই। ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে ১৬২ তুলে ম্যাচ জিতে যায় আফগানিস্তান। ৪১ বলে ৫৩ রান করেন ইব্রাহিম জাদরান। ২১ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন আজমাতুল্লাহ ওমরজাই। তিনিই ম্যাচের সেরা।
❤ Support Us








