- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২২, ২০২৪
দুরন্ত জয় ইউক্রেন-অস্ট্রিয়ার, হল্যান্ডের কাছে আটকে গেল ফ্রান্স
অন্য মানসিকতা নিয়ে এবারে ইউরো কাপ খেলতে নেমেছে ইউক্রেন। ফুটবলারদের লক্ষ্য ইউরো কাপে ভালো পারফরমেন্স করে দেশবাসীকে উদ্বুদ্ধ করা। প্রথম ম্যাচে রোমানিয়ার কাছে অবশ্য হারতে হয়েছিল। স্লোভাকিয়ার বিরুদ্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল এই যুদ্ধবিধ্বস্ত দেশটি। শুরুতে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে দুরন্ত জয় ইউক্রেনের।
নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল স্লোভাকিয়া। তাদের নিয়ে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছিল। ইউক্রেনের বিরুদ্ধে শুক্রবার ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল স্লোভাকরা। এদিন জিতলেই নকআউটের টিকিট নিশ্চিত। অন্যদিকে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে জেতা ছাড়া রাস্তা ছিল না ইউক্রেনের সামনে। মরণবাঁচন ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইউক্রেন।
ম্যাচের শুরু থেকেই অবশ্য স্লোভাকিয়ার দাপট ছিল। শুরুতেই দু’দুবার এগিয়ে যাওয়ার সুযোগও এসেছিল। কিন্তু গোল তুলে নিতে পারেনি। তবে গোলের জন্য স্লোভাকিয়াকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৭ মিনিটে ইভান শরানজ গোল করে স্লোভাকিয়াকে এগিয়ে দেন। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়েছিল স্লোভাকিয়া। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইউক্রেন। ৫৪ মিনিটে প্রতিআক্রমণ থেকে উঠে এসে গোল করে সমতা ফেরান মাইকোলা শাপারেনকো। এরপর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত বাজিমাত করে ইউক্রেন। ৮০ মিনিটে ইউক্রেনের হয়ে জয়সূচক গোলটি করেন রোমান ইয়ারেমচুক।
‘ডি’ গ্রুপের ম্যাচে হল্যান্ডের কাছে আটকে গেল ফ্রান্স। কিলিয়ান এমবাপের অভাব বারবার বোঝা গেছে। নাকের হাড় ভাঙায় হল্যান্ডের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে রাখেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। গোটা ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসেই কাটান এমবাপে। এদিন গ্রিজম্যান একের পর এক সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে দাপট দেখালেও হল্যান্ডও গোল তুলে নিতে পারেনি। জাভিয়ের সিমন্স একবার ফ্রান্সের জালে বল পাঠালেও অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। এই ড্রয়ের ফলে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য নিজেদের শেষ ম্যাচের ওপর তাকিয়ে থাকতে হবে ফ্রান্স ও হল্যান্ডকে।
গ্রুপের অন্য ম্যাচে পোল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে অস্ট্রিয়া। নকআউট পর্বে যাওয়ার জন্য দুই দলের কাছে এই ম্যাচটা জেতা জরুরী ছিল। পোল্যান্ড অবশ্য জ্বলে উঠতে পারেনি। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় অস্ট্রিয়া। অস্ট্রিয়ার হয়ে তিনটি গোল করেন গার্ডনার ট্রোলার, বাউমগার্টনার ও মার্কো আরনাউতোভিচ। পোল্যান্ডের একমাত্র গোলটি করেন পিয়াতেক।
❤ Support Us







