Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৬, ২০২৪

‌ইংল্যান্ড, ফ্রান্সের ড্র, হল্যান্ডকে হারিয়ে ইউরো কাপের শেষ ষোলোয় অস্ট্রিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ইংল্যান্ড, ফ্রান্সের ড্র, হল্যান্ডকে হারিয়ে ইউরো কাপের শেষ ষোলোয় অস্ট্রিয়া

পিছিয়ে পড়ে দু্–দুবার সমতা ফিরিয়েও শেষ রক্ষা করতে পারল না হল্যান্ড। ডাচদের ৩–২ ব্যবধানে হারিয়ে ‘‌ডি’‌ গ্রুপে শীর্ষে থেকেই ইউরো কাপের শেষ ষোলোয় পৌঁছে গেল অস্ট্রিয়া। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। অন্যদিকে, গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক আউটের ছাড়পত্র পেয়েছে ফ্রান্স। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ১–১ ড্র করেছে ফ্রান্স। অস্ট্রিয়ার কাছে হারলেও তৃতীয় সেরা দল হিসেবে নকআউটে পৌঁছে গেছে হল্যান্ড।
হল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৬ মিনিটে ডাচ স্ট্রাইকার ডনিয়েল মালেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই যাবি সিমন্সের পাশ থেকে সমতা ফেরান কোডি গাকপো। ৫৯ মিনিটে আবার এগিয়ে যায় অস্ট্রিয়া। ফ্লরিয়াল গ্রিলিশের সেন্টার থেকে হেডে গোল করেন রোমানো স্মিড। ৭৫ মিনিটে বক্সের মধ্যে থেকেই দুর্দান্ত শটে সমতা ফেরান হল্যান্ডের মেফফিস ডিপে। ৮০ মিনিটে ক্রিস্টপ বামগার্ডেনারের পাশ থেকে অস্ট্রেলিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন মার্সেল সাবিতজার। শেষ দিকে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠলেও গোল তুলে নিতে পারেনি হল্যান্ড।
গ্রুপের অন্য ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ১–১ গোলে ড্র করল ফ্রান্স। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপে। চলতি ইউরো কাপে এটাই তাঁর প্রথম গোল। অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নাকে চোট পেয়েছিলেন এই ফরাসি স্ট্রাইকার। হল্যান্ডের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দিয়েছিলেন কোচ দিদিয়ের দেশঁ। এদিন মাস্ক পরেই মাঠে নেমেছিলেন এমবাপে। তবে নিজের সেরা ছন্দে ছিলেন না। ম্যাচের ৭৯ মিনিটে পোল্যান্ডের সমতাসূচক গোলটিও আসে পেনাল্টি থেকে। রবার্ট লেভানডস্কির শট প্রথমে আটকে দিয়েছিলেন ফরাসি গোলকিপার। কিন্তু তিনি গোল ছেড়ে আগেই বেরিয়ে আসায় আবার শট নেওয়ার সুযোগ পান লেভানডস্কি। এবার গোল করতে ভুল করেননি তিনি।
‘‌সি’‌ গ্রুপে স্লোভেনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। তারকাখচিত ইংল্যান্ড এদিন মোটেই নিজেদের সেরা খেলা খেলতে পারেননি। হ্যারি কেন, জুড বেলিংহাম, ফিল ফোডেনরা চূড়ান্ত ব্যর্থ। গ্রুপের অন্য ম্যাচে ডেনমার্ক ও সার্বিয়াও গোলশূন্যভাবে শেষ করেছে। এই গ্রুপ থেকে ইংল্যান্ড, ডেনমার্ক ও স্লোভেনিয়া নকআউট পর্বে পৌঁছল। পাঁচ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোর টিকিট পেয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ডেনমার্ক ও স্লোভেনিয়ার পয়েন্ট, গোলের ব্যবধান, গোল করা লাল ও হলুদ কার্ড দেখার নিরিখে একই জায়গায় ছিল। তাই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কারা শেষ ষোলোয় যাবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। বাছাই পর্বে স্লোভেনিয়ার তুলনায় ডেনমার্ক এগিয়ে থাকায় তারাই দ্বিতীয় দল হিসেবে নকআউটে গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!