- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৯, ২০২৪
ব্যর্থ রোনাল্ডো, কনসেইসাওয়ের ইনজুরি সময়ের গোলে কষ্টার্জিত জয় পর্তুগালের
ক্লাবের জার্সি গায়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যতটা সফল, দেশের জার্সিতে ততটা নয়। এটা যেন মিথ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ ইউরো কাপের প্রথম ম্যাচে আবার প্রমাণ হয়ে গেল। চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে জয় দিয়ে ইউরো কাপ অভিযান শুরু করল বটে পর্তুগাল। কিন্তু গোল পেলেন না রোনাল্ডো। ইনজুরি সময়ে মাঠে নেমেই গোল করে পর্তুগালকে ২–১ ব্যবধানে জয় এনে দিলেন ফ্রান্সিসকো কনসেইসাও।
চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নেমেছিল পর্তুগাল। এমনকী এবারের ইউরো কাপেও অন্যতম ফেবারিট তারা। যোগ্যতা অর্জন পর্বে সব ম্যাচ জিতেই মূল পর্বে উঠে এসেছে। কিন্তু রোনাল্ডোদের খেলা দেখে একবারের জন্যও সেরকম মনে হয়নি। জয় দিয়ে ইউরো অভিযান শুরু করলেও সমর্থকদের হতাশ করেছে পর্তুগাল।
পর্তুগালের বিরুদ্ধে শক্তিতে পেরে উঠবে না, এটা বুঝেই রক্ষণাত্মক ফুটবলের দিকে নজর দিয়েছিল চেক প্রজাতন্ত্র। প্রথমার্ধে চেক রক্ষণ ভাঙতে পারেননি রোনাল্ডোরা। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে চেক প্রজাতন্ত্র। ৬২ মিনিটে লুকাস প্রোভড দুর্দান্ত শটে গোল করে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন। ৬৯ মিনিটে সমতা ফেরায় পর্তুগাল। নুনো মেন্ডেসের হেড চেক গোলকিপারের হাতে লেগে ফিরে এসে বিপক্ষ ডিফেন্ডার রানাকের পায়ে গেলে গোলে ঢুকে যায়।
শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। ৮৭ মিনিটে ভিতিনহার সেন্টার থেকে হেড করেছিলেন রোনাল্ডো। বল পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল জালে পাঠিয়েছিলেন দিয়োগো জোটা। রোনাল্ডো অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়। রেফারি ‘ভার’–এর সাহায্য নিয়ে গোল বাতিল করেন। ৯০ মিনিটে ভিতিনহার পরিবর্ত হিসেবে মাঠে নেমে ১০ সেকেন্ডের মধ্যে গোল করে দলকে জয় এনে দেন ফ্রান্সিসকো কনসেইসাও।
অন্য ম্যাচে তুরস্ক ৩–১ ব্যবধানে হারিয়েছে জর্জিয়াকে। ২৫ মিনিটে গোল করে তুরস্ককে এগিয়ে দেন মার্চ মুলডার। ৩২ মিনিটে সমতা ফেরান জর্জেস মিকাউতাদজে। ৬৫ মিনিটে তুরস্ককে আবার এগিয়ে দেন আর্ডা গুলার। ইনজুরি সময়ের শেষ মুহূর্তে ৩–১ করেন মুহাম্মদ কেরেম আখতপরকোগলু।
❤ Support Us







