- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৫, ২০২২
গ্যালারি থেকে মাঠ, ফুটবলে ইরানের প্রতিবাদ।
গ্যালারি থেকে মাঠ, ইরানের প্রতিবাদের ফুটবল
নীতি পুলিশের অত্যাচারে মাসা আমিনির মৃত্যুর পর থেকে উত্তাল ইরান। প্রতিবাদে মুখর অনেকেই। কাতারে বিশ্বকাপ খেলতে এসে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে ইরানের ফুটবল দল। বিশ্বকাপে মাঠে নামার আগে ইরানের অধিনায়ক এহসান হাজিসাফি বলেছিলেন, বিশ্বকাপে জয়ই হবে প্রতিবাদীদের পাশে দাঁড়ানোর সেরা রাস্তা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছিল ইরান। দ্বিতীয় ম্যাচে দারুণ জয় তুলে নিল ওয়েলসকে হারাল ২–০ ব্যবধানে। ম্যাচের ইনজুরি সময়ে দুটি গোল করে ইরানের প্রতিবাদীদের উৎসর্গ করলেন সর্দার আজমাউন ও রামিন রেজাইয়ান।
ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে বিধ্বস্ত হয়ে এদিন ওয়েলসের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইরান। ধারে ভারে ইরানের থেকে অনেকটাই এগিয়ে ওয়েলস। মাঠে কিন্তু তার প্রতিফলন দেখা যায়নি। ম্যাচের শুরুর দিকে ওয়েলেসের প্রাধান্য থাকলেও পরে খেলায় ফেরে ইরান। ম্যাচের ১২ মিনিটে গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল ওয়েলস। ইরানের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন কেইফার মোরে। তাঁর সেই শট সরাসরি ইরানের গোলকিপার হোসেইনির হাতে চলে যায়। ইরানও মাঝে মাঝে প্রতি আক্রমণে উঠে এসে ওয়েলসের রক্ষণে হানা দিচ্ছিল। ১৬ মিনিটে প্রতি আক্রমণে উঠে এসে আজমাউনের কাছ থেকে বল পেয়ে ওয়েলসের জালে বল পাঠান গলিজাদেহ। অফসাইডের কারণে রেফারি সেই গোল বাতিল করে দেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ইরান। ৫২ মিনিটে আজমাউনের একটা শট পোস্টে লেগে ফিরে আসে। গ্যারেথ বেলকে এদিন বিন্দুমাত্র জায়গা দেননি ইরানি ডিফেন্ডাররা। ৮৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ওয়েলসের সামনে। সুবিধাজনক জায়গা থেকে বল বারের ওপর দিয়ে উড়িয়ে দেন ডেভিস। ৮৬ মিনিটে বক্সের বাইরে ইরানের তারেমিকে ফাউল করে লাল কার্ড দেখেন ওয়েলসের গোলকিপার হেনেসে। ওয়েলস ১০ জন হয়ে যাওয়ার পর ইরান আক্রমণে ধার বাড়ায়।
ইনজুরি সময়ের ৮ মিনিটে চেসিমির পা থেকে সেই কাঙ্খিত গোলটি আসে। বাঁদিক থেকে একটা সেন্টার ভেসে এসেছিল। ওয়েলসের ডিফেন্ডার অ্যালেন বক্সের মধ্যে থেকে ক্লিয়ার করেন। সেই বল যায় ডি বক্সের বাইরে থাকা ইরানের রোজবেহ চেসমির কাছে। ৩৫ গজ দুর থেকে নেওয়া তাঁর শট ৩ ডিফেন্ডার ও গোলকিপারকে পরাস্ত করে ওয়েলসের জালে জড়িয়ে যায়। এই গোলের সঙ্গে সঙ্গে ভাগ্যলিখন পরিস্কার হয়ে যায় গ্যারেথ বেলদের। ২ মিনিট পরেই রেজাইয়ান দ্বিতীয় গোল করে ওয়েলসের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন। একই সঙ্গে গ্রুপ লিগ থেকেই কার্যত বেলদের বিদায়ের ঘন্টা বাজিয়ে দেন।
❤ Support Us







