- দে । শ
- নভেম্বর ১৫, ২০২৫
জয় জোহার মেলায় এসআইআর ফর্ম পূরণ
আদিবাসী অধ্যুষিত জামালপুর ব্লকে বীরসা মুণ্ডার জন্মদিনে বসল জয় জোহার মেলা। রঙ্কিনি মহুলা মন্দির সংলগ্ন মাঠে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থসারথি দে প্রমুখ। সভাধিপতি তাঁর বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই চান আদিবাসীরা সমাজের মূল স্রোতে শামিল হোন। তাই এই সরকার ক্ষমতায় আসার পর আদিবাসী সম্প্রদায়ের যেসব নেতা দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের জন্মদিন ও মৃত্যুদিন সাড়ম্বরে পালন করে তাদের প্রতি সম্মান জানানোর ব্যবস্থা করেছেন।’ যোগ করেন, ‘মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প চালু করেছেন আদিবাসীদের জন্য।’ আর ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খানের কথায়, ‘ক্ষমতায় আসার পরই তৃণমূল সরকার আদিবাসী সমাজের মানুষদের আলাদাভাবে সম্মান দিয়েছে, যা বাম জমানায় অধরা ছিল। রাজ্য সরকার নানা প্রকল্পের মাধ্যমে আদিবাসী জনজাতি-সহ পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতি করছে। নানা সামাজিক সুরক্ষা ও প্রকল্প চালু করেছে।’ মেলায় রয়েছে নিখরচার স্বাস্থ্য শিবির, সরকারি সুযোগসুবিধার জন্য আবেদন করার ক্যাম্প। এমনকী এসআইআর-র ফর্ম পূরণেরও ব্যবস্থা রয়েছে। বিডিও পার্থসারথি দে বলেন, আদিবাসী সমাজের শিশুদের শিক্ষার আঙিনায় অবশ্যই নিয়ে আসতে হবে। কারণ শিক্ষাই চেতনার উন্মেষ ঘটায়। সচেতন থাকতে হবে যাতে কোনভাবেই তাদের ছেলেমেয়েরা স্কুলছুট না হয়।’ বাল্যবিবাহ রোধের উপরও জোর দিতে বলেন। এসআইআর ফর্ম সংক্রান্ত কোনো সমস্যা হলে স্থানীয় ভাবে সমস্যা না মিটলে সরাসরি ব্লকে যোগাযোগ করতে বলেন বিডিও। জানা গেল, ৩ দিন ধরে চলবে এই আদিবাসী মেলা। খেলাধুলা গান-বাজনা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।
❤ Support Us





