Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ২২, ২০২৬

বিধানসভায় রাজ্য বাজেট পেশ অর্থমন্ত্রী স্বপনের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধানসভায় রাজ্য বাজেট পেশ অর্থমন্ত্রী স্বপনের

রাজ্যে প্রথম বিজেপি সরকারের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত । তিনি বললেন, “ আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি ।”

রাজ্যে মোট ঋণ রয়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকার । এই অবস্থায় ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সেই মতই কিছু জনমোহনী ঘোষণা করেছেন অর্থমন্ত্রী । বিধানসভায় বাজেট পেশের সময় স্বপন দাশগুপ্ত বলেছেন, “দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ । রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে আমাদের । রাজ্য সরকার নাগরিকদের কাছে পৌঁছোতে ‘আপনার সরকার, আপনার পাশে’ নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে ।” বিধায়ক তহবিল ৭০ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১ কোটি টাকা করার ঘোষণা করা হয়েছে ।

২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা : সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন । আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানান তিনি । ওই সময় থেকে সব মিলিয়ে ৩৮ শতাংশ ডিএ কার্যকর হবে । এই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র ফারাক ২২ শতাংশ কমল ।

এক লক্ষ শূন্যপদে নিয়োগ : এক লক্ষ শূন‍্যপদ নিয়োগ করা হবে । তাতে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত । তার মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ, ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা হবে । যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে । সরকারি পদে নিয়োগে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে ৫ বছর ছাড় দেওয়া হবে । এই সুবিধা পরবর্তী ২ বছরের জন্য বহাল থাকবে ।

আশাকর্মীদের সাম্মানিক বৃদ্ধি : আশাকর্মীদের কাজককে স্বীকৃতি দিয়ে তাঁদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন ।

সিভিকদের পারিশ্রমিক বৃদ্ধি : স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে । সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের পারিশ্রমিকও ২০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে । হোমগার্ডদেরও পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে ২০০০ টাকা ।

বয়স্ক-বিধবাদের ভাতা, অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ ৩৬ হাজার কোটি । চালু বেকার ভাতা : বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হল বাজেটে । অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে । ঘোষণা করলেন অর্থমন্ত্রী । এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিধানসভায় বলেছেন, রাজ্যে চালু থাকা সকল সামাজিক সুরক্ষাপ্রকল্প অব্যাহত থাকবে । তিনি বলেন, “সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে । এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে ।” ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য-শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে ভরসা কর্মসূচি চালু হবে । এই প্রকল্পে স্নাতক বেকারদের জন্য মাসে ৩০০০ টাকা এবং অন্যদের মাসে ২০০০ টাকা ভাতা দেওয়া হবে । যে পরিবারের আয় বার্ষিক এক লক্ষ টাকার কম এবং যাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের জন্য এটি প্রযোজ্য হবে ।

বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি : প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার । রাজ্যে আদর্শ বিদ্যালয় তৈরির জন্য ২১০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে । সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার প্রসারের জন্য বরাদ্দ করা হচ্ছে ৫০ কোটি টাকা । ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে । তৈরি হবে আদিবাসী বিশ্ববিদ্যালয়ও । প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ ১০ টাকা করা হবে । ইসকনের সহযোগিতায় কলকাতা পুরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মি়ড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।

বিনামূল্যে বাস পরিষেবায় বরাদ্দ : মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য বরাদ্দ করা হচ্ছে ৫৫০ কোটি টাকা । এই উদ্দেশ্যে শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী ।
রাজ্য সরকারের নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও । কলকাতার কাছে আরও একটি বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে । পাশাপাশি শিলিগুড়ি, দুর্গাপুর এবং আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টে়ডিয়াম এবং একটি ইনডোর স্টে়ডিয়াম তৈরি হবে । ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু হবে । রাজ্যে প্রতিটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে মিনি ইনডোর স্টে়ডিয়াম তৈরির প্রস্তাব রয়েছে বাজেটে । প্রশাসনিক কাজে গতি আনতে গড়ে তোলা হবে নতুন পাঁচটি জেলা !

ব্যবসাকে সিন্ডিকেট মুক্ত করতে আইন : মন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, হস্তক্ষেপ এবং চাঁদাবাজির ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে । এই কারণে আগামী দিনে একটি আইন আনা হবে । ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্য বেআইনি অর্থ আদায় থেকে রক্ষা করার আইন আনা হবে । স্টার্ট আপ পলিসি চালু করা হবে রাজ্যে । একটি ৪০ কোটি, আরেকটিতে ৬০ কোটি । সবমিলিয়ে ১০০ কোটি টাকা বরাদ্দ । স্কুল ও ধর্মস্থানের ১০০ মিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না । কলকাতা পুরসভার মধ্যে যায় দূরত্ব হবে ৫০০ মিটার । ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে পুনরুজ্জীবিত করা হবে । উত্তরবঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সেমি কন্ডাক্টরে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে বাজেটে । পাটশিল্প পুনরুজ্জীবনে উদ্যোগ । গঙ্গারামপুর, কুশমান্ডিতে কার্পেট শিল্প চাঙ্গা করতে উদ্যোগ । উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাটারচালিত গাড়ির কারখানা হবে । কেন্দ্রের সাহায্যে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান । ১২০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা ।

কঙ্কালীতলা, কালীঘাট, তারাপীঠ, মদনমোহন মন্দিরের সংরক্ষণ ও প্রসারের বন্দোবস্ত । চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট ও শক্তিপীঠ সার্কিট গড়ে তোলা হবে । দার্জিলিংকে ইকো অ্যাডভেঞ্চার পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে । ঝাড়গ্রাম চিড়িয়াখানায় শুরু হবে টাইগার সাফারি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!