Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২, ২০২৫

বড় ধাক্কা পাঞ্জাব কিংসের, ফার্গুসনের পর এবার আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েলও

আরম্ভ ওয়েব ডেস্ক
বড় ধাক্কা পাঞ্জাব কিংসের, ফার্গুসনের পর এবার আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েলও

প্লেঅফের ছাড়পত্রের জন্য লড়াই করছে পাঞ্জাব কিংস। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে রয়েছে ৩ নম্বরে। এইরকম গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা পাঞ্জাব কিংসের। চোট পেয়ে ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আগেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন লকি ফার্গুসন। এবার ম্যাক্সওয়েল। দুই সেরা বিদেশিকে হারানোটা সত্যিই পাঞ্জাবের কাছে বড় ধাক্কা। চোটের জন্য আইপিএল শেষ রাজস্থান রয়্যালসের জোরে বোলার সন্দীপ শর্মারও।
২৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ইডেনে ম্যাচ ছিল পাঞ্জাব কিংসের। ম্যাচের আগে নেট প্র‌্যাকটিসে চোট পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই চোট নিয়েই ব্যাট করতে নামেন। মাত্র ৭ রান করে আউট হন। চোট কতটা গুরুতর, তা দেখার জন্য অপেক্ষায় ছিল পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট। দলের পক্ষ থেকে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ‘‌আঙুলের চোটের জন্য চলতি মরশুমে আইপিএল শেষ হয়ে গেল গ্লেন ম্যাক্সওয়েলের। দলের পক্ষ থেকে ওর দ্রুত সুস্থতা কামনা করি।’
বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের জায়গায় খেলেন সূর্যাংশ শেজ। ম্যাক্সওয়েল যে ছিটকে যেতে পারেন, চেন্নাই ম্যাচের আগেই ইঙ্গিতটা দিয়েছিলেন পাঞ্জাবেরই ম্যাক্সওয়েলের স্বদেশীয় অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে স্টয়নিস বলেছিলেন, ‘‌দুর্ভাগ্যজনকভাবে ম্যাক্সির আঙুল ভেঙে গেছে। নাইট রাইডার্স ম্যাচের ঠিক আগে অনুশীলনে চোট পায়। প্রথমে মনে হয়নি চোট এতটা গুরুতর। স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট ভাল নয়। আমার মনে হয় ম্যাক্সির টুর্নামেন্ট শেষ হয়ে গেছে।’ চলতি আইপিএলে অবশ্য একেবারেই ছন্দে ছিলেন না ম্যাক্সওয়েল। ৭ ম্যাচে ৬ ইনিংসে মাত্র ৪৮ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৪ উইকেট।
এদিকে, চোটের জন্য আইপিএল শেষ রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মার। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন। তাঁর চোট বেশ গুরুতর, চিড় ধরেছে। ফলে চলতি আইপিএলে তাঁর আর খেলা হবে না। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌আঙুলে চিড় ধরার কারণে কারণে সন্দীপ শর্মা মরশুমের বাকি সময় খেলতে পারবেন না।’‌ চোট নিয়েও গুজরাট ম্যাচে শেষ পর্যন্ত বোলিং করেছিলেন সন্দীপ। এবারের আইপিএলে ১০ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। বৃহস্পতিবার মুম্বই ম্যাচেও মাঠে নামতে পারেননি সন্দীপ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!