Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৫, ২০২৩

বিডিওকে শারীরিক নিগ্রহ, অভিযোগে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে এফআইআর

আরম্ভ ওয়েব ডেস্ক
বিডিওকে শারীরিক নিগ্রহ, অভিযোগে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে এফআইআর

রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ভোটগণনার সময় বিডিওর ওপর শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠেছিল বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে । এবার এই অভিযোগে বিজেপি সাংসদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই গণনাকেন্দ্রে ভোটগণনা চলার সময় গণনাকেন্দ্রের ভিতর ঢুকে তাণ্ডব চালান বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে। বিজেপি কর্মী ও সমর্থকরা রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডলকে শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ। ঘটনায় বিডিও অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই ভিডিও শুভজিৎ মণ্ডল। দেবশ্রী-সহ মোট চারজন বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। বিডিওর অভিযোগের ভিত্তিতে পুলিশ সাংসদ-সহ ৪ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে বিজেপির।

অভিযোগ, গত ১১ জুলাই ভোট গণনা শুরু হলেও রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ভোটগণনা চলছিল ১২ জুলাই পর্যন্ত। সেই সময় দেবশ্রীর চৌধুরীর নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা গণনাকেন্দ্রে ঢুকে রীতিমত তাণ্ডব চালান, চেয়ার ও টেবিল ভাঙচুর করেন। বিডিওর দিকে চেয়ার, টেবিল ছুড়ে মারা হয় বলে অভিযোগ। অভিযোগ , এই সময় বিডিওকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার চেয়ার, টেবিল উলটে ফেলে দিচ্ছেন। এসবের পাশাপাশি অন্যান্য জিনিসপত্রও ওই সরকারি আধিকারিককে লক্ষ্য করে ছুড়ে মারা হয় বলে অভিযোগ।

সেইসময় এক সরকারি কর্মী ওই বিডিওকে এই আক্রমণের হাত থেকে কোনওক্রমে বাঁচান । এর পরেই বিডিওকে হুমকি দেওয়ার পর তাঁরা গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় বিডিও অসুস্থ হয়ে পড়লে তাঁকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। পরে বৃহস্পতিবার গভীর রাতে ওই সরকারি আধিকারিক রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

রায়গঞ্জ গণনাকেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিক সুব্রত মহন্তের অভিযোগ, গণনা কেন্দ্রে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর ওপর প্রভাব খাটিয়ে বিডিওর ঘরে ঢুকে এই তাণ্ডব চালানো হয়েছিল। বিজেপি ১৪৪ ধারা ভঙ্গ করেছে। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট করেছে। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, “বিডিও গণনায় কারচুপি করেছেন। তৃণমূল প্রার্থীদের ভোটে জেতাতে তিনি সাহায্য করেছেন। আমরা শুধু তার প্রতিবাদ জানিয়েছিলাম। মামলা হলে আমরা আইনি পথেই তার মোকাবেলা করব।”

তবে একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কি ভাবে দেবশ্রী চৌধুরী এভাবে একজন বিডিও-র ওপর আক্রমণের নেতৃত্ত্ব দিলেন সেটা নিয়ে প্রশ্ন উঠে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!