Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৮, ২০২৫

কলকাতায় ফের আগুন ! পার্কস্ট্রিটের কুইন্স ম্যানসনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতায় ফের আগুন ! পার্কস্ট্রিটের কুইন্স ম্যানসনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শুক্রবার দুপুরে কলকাতার পার্কস্ট্রিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের ঐতিহাসিক পার্ক হোটেলের বিপরীতে কুইন্স ম্যানসনের একতলায় অবস্থিত একটি জনপ্রিয় মিষ্টির দোকানে হঠাৎ করে আগুন লেগে যায়। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় এলাকাবাসী ও পথচলতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দমকলের ৪ টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম অবস্থা দমকলকর্মীদের। ধোঁয়ার তীব্রতা এত বেশি ছিল যে দমকলকর্মীদের মাস্ক পরে ভিতরে প্রবেশ করতে হয়েছে। তাঁরা গ্রাউন্ড ফ্লোরে জল স্প্রে করে উপরের তলায় ওঠবার চেষ্টা করছেন। কোথায় আগুনের সূত্রপাত হয়েছে কিংবা কোথাও ফায়ার পকেট রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। তবে, আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গেছে, দোকানের পিছনের অংশে প্রথমে আগুনের সূত্রপাত হয়। কিছু সময়ের মধ্যেই অন্যত্র আগুন ছড়িয়ে পড়ে।

কুইন্স ম্যানসনের প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা জানান, তিনি ও তাঁর স্ত্রী টিভি দেখছিলেন, হঠাৎ আগুন দেখে নিচে নেমে আসেন। তারপর তিনি ইমার্জেন্সি নম্বরে ফোন করে দমকলকে খবর দেন। বেশ কিছুক্ষণ পর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দমকলসূত্রে খবর, শুক্রবার বেলা ১২টা ৪০ মিনিটে পার্ক স্ট্রিটের বহুতল কুইন্স ম্যানসনের একতলায় আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে একাধিক নামী সংস্থার আউটলেট রয়েছে, তার মধ্যে একটি মিষ্টির দোকানে আগুন লাগে। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪ ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এই ঘটনায় কেউ আহত হননি। তবে, আগুনের কারণ হিসেবে এসির শর্টসার্কিটের সম্ভাবনা উঠে এসেছে, যদিও তা এখনো তদন্তাধীন।

কুইন্স ম্যানসনটি একাধিক অফিসের জন্য পরিচিত। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় এলাকায়। বিভিন্ন অফিসের কর্মীরা রাস্তায় নেমে আসেন। কুইন্স ম্যানসনের ওই বাড়িটাও খালি করে দেওয়া হয়। ঘিরে দেওয়া হয় ওই এলাকা। সাধারণ বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই বাড়ির অদূরেই রয়েছে স্টিফেন কোর্ট। সেই বাড়ির থেকে জল নিয়ে আসার ব্যবস্থা করেন দমকলকর্মীরা। আগুনের ভয়াবহতা দেড় দশক আগের স্টিফেন কোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতিকে আবারো মনে করিয়ে দেয়, সে সময় ওই ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!