- এই মুহূর্তে দে । শ
- জুন ৫, ২০২৩
ভারত সেরার তালিকায় রাজ্যের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান।পিছোল কলকাতা
দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্বের আসন ধরে রাখল আইআইটি মাদ্রাজ। সদ্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক প্রকাশিত ন্যাশেনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআর এফ অনুযায়ী, সামগ্রিকভাবে ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনায় শীর্ষ স্থানে রয়েছে তামিলনাড়ুর শিক্ষা প্রতিষ্ঠানটি।এ নিয়ে টানা পাঁচ বার সেরার তকমা পেল মাদ্রাজ, তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বেঙ্গালুরুর ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা আইআইএসসি ও দিল্লির ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। পশ্চিমবাংলা থেকে খড়গপুর আইআইটি রয়েছে সাতে। এছাড়াও বিভিন্ন ক্যাটেগরিতে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে।
কেন্দ্রীয় শিক্ষামমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কলকাতার একটি মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান প্রথম দশের মধ্যে রয়েছে।তার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়, যার সর্বভারতীয় র্যাংক চতুর্থ। ইঞ্জিনিয়ারিং-এও প্রতিষ্ঠানটির জয়জয়কার। খড়গপুর আইআইটির পর রাজ্যের অন্যতম ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান হিসেবে তালিকায় দশ নম্বরে রয়েছে সে।
এন আইআরএফ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন দিক পর্যালোচনার ভিত্তিতে নম্বর ঠিক করে। তার ভিত্তিতে সেরার তালিকায় অবস্থান স্থির হয়। সেইমতো ২০২২ সালের থেকে নম্বর বেশ খানিকটা বেড়েছে যাদবপুরের। গতবার যেখানে স্কোর ছিল ৬৫.৩৭, এবার সেটা ৬৬.০৭-তে ঠেকেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবস্থা যথেষ্ট শোচনীয় । গত বছরের থেকে চার ধাপ নীচে নেমে গিয়ে দ্বাদশ স্থান অধিকার করেছে শতাব্দীপ্রাচীন বিশ্ববিদ্যালয়টি। তাঁর স্কোর ৬১.১৪। শীর্ষে রয়েছে ইণ্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স। তাঁর প্রাপ্তস্কোর হলে ৮৩.১৬। দ্বিতীয় ও তৃতীয় স্থানটি দখল করেছে দিল্লির জওহরলাল নেহেরু (৬৮.৯২) ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ও (৬৭.৭৩) ।
দেশের সেরা কলেজের শিরোপা পেয়েছে দিল্লির মিরাণ্ডা কলেজ । তাঁদের স্কোর ৭৪.৮১। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লিরই হিন্দু কলেজ(৭২.৩৯)। তালিকায় তিন ও চার নম্বরে ঠাই হয়েছে তামিলনাড়ুর দুই কলেজের যথাক্রমে প্রেসিডেন্সি( ৭১.১৮) ও কৃষ্ণম্মল কলেজ ফর ওমেন(৭১.০৫ )। মোট ৭০.৮০স্কোরের ভিত্তিতে কলকাতার সেণ্ট জেভিয়ার্স পাঁচ নম্বরে নিজের জায়গা করে নিয়েছে। তবে শুধু সেণ্ট জেভিয়ার্স নয়, পশ্চিমবঙ্গ থেকে খড়দহ-র রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ অষ্টম স্থান অধিকার করেছে। তাঁদের স্কোর ৬৯.৫৩।
ম্যানেজমেণ্টের ক্ষেত্রেও রয়েছে কলকাতার নাম। মহানগরের একমাত্র ইণ্ডিয়ান ইনস্টিটিঊট অফ ম্যানেজমেন্ট বা আইআইএম ৭৫.৫৩ স্কোর করে চার নম্বর স্থান দখল করেছে। শীর্ষে আছে আইআইএম, আহমেদাবাদ। যাঁদের স্কোর ৮৩.২০। ফার্মাসি ,মেডিক্যাল বা ডেন্টালের ক্ষেত্রে কলকাতা বা পশ্চিমবঙ্গের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেই।
❤ Support Us






