- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৭, ২০২৪
রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করাই প্রথম লক্ষ্য, বিজেপি–তে যোগ দিয়ে বললেন অভিজিৎ গাঙ্গুলি
কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রত্যাশামতোই বিজেপি–তে যোগ দিলেন অভিজিৎ গাঙ্গুলি। বৃহস্পতিবার তিনি বিধাননগরে বিজেপি–র রাজ্য সদর দপ্তরে গেরুয়া পতাকা তুলে নেন। অভিজিৎ গাঙ্গুলির হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি–র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাজির ছিলেন বিডেপি–র পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং অন্যান্য রাজ্য নেতারা।
বিজেপি–তে যোগদানের পর অভিজিৎ গাঙ্গুলি বলেন, ‘আজ আমি একটা নতুন জগতে প্রবেশ করেছি। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন। দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। সেই দায়িত্ব পালন করার। রাজ্যের দুর্নীতিগ্রস্ত শাসক দল ও সরকারকে উৎখাত করাই প্রথম লক্ষ্য। এই লোকসভা নির্বাচনেই শাসক দলের ক্ষমতাচ্যুতির ভিত্তি তৈরি নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, ‘বাংলা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে দেখে আমার খুবই কষ্ট হয়। বিজেপি–র বাংলাতে ক্ষমতায় আসা দরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে একটি গুরুতর লড়াই করা দরকার।’
এদিন অভিজিৎ গাঙ্গুলির দলে যোগ দেওয়া নিয়ে বিজিপি–র রাজ্য দপ্তরে ছিল উৎসবের মেজাজ। শীর্ষ নেতারা ছাড়াও অগনিত কর্মী–সমর্থক রাজ্য দপ্তরের সামনে হাজির হয়েছিলেন। বেলা সাড়ে ১২টা নাগাদ নিজের বাসভবন থেকে বিজেপি–র রাজ্য দপ্তরের দিকে রওনা দেন অভিজিৎ গাঙ্গুলি। তাঁকে নিয়ে আসার জন্য অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে আগেই পৌঁছে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল, সজল ঘোষের মতো বিজেপি–র শীর্ষ নেতারা। রাজ্য দপ্তরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে শাঁখ বাজিয়ে ও উলু ধ্বনি দিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে স্বাগত জানানো হয়।
এদিন অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘অভিজিৎবাবু কখনোই আপস করেননি। সবসময় জনগণের অধিকারের জন্য লড়াই করেছেন, বিশেষ করে যুবক ও চাকরিপ্রার্থীদের জন্য। আমরা তাকে পার্টিতে স্বাগত জানাই। বাংলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অভিজিৎ গাঙ্গুলির মতো একজন মানুষ থাকা দরকার। আজ আমাদের দলে যোগ দেওয়ার আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন। তার সাথে, আমরাও মনে করি বাংলায় আসল পরিবর্তন আসবে।’
রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘বাংলার রাজনীতিতে আজ ঐতিহাসিক মুহূর্ত। আমাদের দলে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। যদিও আনুষ্ঠানিকভাবে তিনি আর বিচারক নন, মানুষের হৃদয়ে ও মনে, তিনি সর্বদা একজন বিচারক হিসেবে থাকবেন যিনি সর্বদা তাদের ন্যায়বিচার দিয়েছেন। সামনের দিনগুলোতে তাকে নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করানো হবে।’
❤ Support Us






