- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৩, ২০২৩
বিশ্বকাপে আফগানিস্তানের মেন্টর হলেন অজয় জাদেজা
বিশ্বকাপে বিভিন্ন দেশের সঙ্গে কোনও না কোনও ভাবে জড়িয়ে রয়েছেন ভারতীয়রা। কয়েকটা দেশের হয়ে তো বাইশ গজে নামবেন প্রবাসী ভারতীয় ক্রিকেটাররা। এবার আরও এক ভারতীয় বিশ্বকাপে খেলা একটা দেশের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের পরামর্শদাতা নিযুক্ত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাঁকে নিযুক্ত করার খবর জানানো হয়েছে।
বিশ্বকাপে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথান ট্রট। সহকারী কোচ আফগানিস্তানেরি রইস আহমেদজাই। ব্যাটিং কোচ মিলাপ মাওয়াদা। বোলিং কোচ হামিদ হাসান। ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন রায়ান ম্যারন। এদের সঙ্গে মেন্টর হিসেবে যুক্ত হলেন অজয় জাদেজা। দায়িত্ব নিয়ে ইতিমধেই কাজ শুরু করেছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক।
তিনটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে অজয় জাদেজার। ১৯৯২, ১৯৯৬ ও ২০০০ বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন জাদেজা। ১৯৯৬ বিশ্বকাপে বেঙ্গালুরুতে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ২৫ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। শেষ ২ ওভারে তুলেছিলেন ৪০। তাঁর ইনিংসই পার্থক্য গড়ে দিয়েছিল। অজয় জাদেজার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় আফগানিস্তান। ৭ অক্টোবর ধরমশালায় বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানরা।
১৯৯২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত দেশের হয়ে ১৫টি টেস্ট ও ১৯৬টি একদিনের ম্যাচ খেলেছেন জাদেজা। দেশকে ১৩টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যদিও কোচিংয়ে খুব বেশি অভিজ্ঞতা নেই। ২০১৫ সালে দিল্লি রনজি দলের কোচ ছিলেন।
❤ Support Us







