- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২০, ২০২৪
নিজের অ্যাপার্টমেন্ট থেকে পড়ে মারা গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসন
বেঙ্গালুরুতে নিজের অ্যাপার্টমেন্ট থেকে পড়ে মারা গেলেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার ডেভিড জনসন। বয়স হয়েছিল ৫২। দেশের এই প্রাক্তন ক্রিকেটারের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন জনসন। তবে রহস্যজনক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।
বেঙ্গালুরুর কোঠানুর থানা এলাকায় একটা অ্যাপার্টমেন্টে থাকতেন ডেভিড জনসন। সেই অ্যাপার্টমেন্টের ৪ তলার ব্যালকনি থেকে পড়ে যান জনসন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই মারা যানএই প্রাক্তন ক্রিকেটার। কয়েকবছর ধরে অসুস্থ ছিলেন ডেভিড জনসন। কয়েকবার হাসপাতালেও ভর্তি হন। সপ্তাহখানেক আগেও হাসপাতালে ছিলেন। ৩ দিনাগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসেন। অসুস্থতার পাশাপাশি আর্থিক সঙ্কটেও ভুগছিলেন জনসন। পুলিশের অনুমান, মানসিক অবসাদেই হয়তো আত্মহত্যা করেছেন তিনি।
১৯৯৫–৯৬ মরশুমে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরমেন্স করার সুবাদে জাতীয় দলে ডাক পান ডেভিড জনসন। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে টেস্ট অভিষেক হয় তাঁর। ১৫০ কিমির বেশি গতিতে বল করতেন। ওই বছর দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে সুযোগ পান। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ২টি টেস্ট খেলেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবন শেষ হয়েযায়। দেশের হয়ে একদিনের ক্রিকেট খেলার সুযোগ হয়নি। ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে ৩৩টি ম্যাচ খেলেন। নেন ৪১ উইকেট। জাগাভাল শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ, ডোডা গণেশদের সঙ্গে কর্ণাটকের হয়ে খেলেছেন।
ক্রিকেট ছাড়ার পর আর্থিক সমস্যায় ভুগছিলেন। চাকরির জন্য একবার চেন্নাইয়েও চলে যান। পরে আবার বেঙ্গালুরুতে ফিরে আসেন। অনেকেই তাঁকে আর্থিকভাবে সাহায্য করেন। তাঁকে সাহায্য করার জন্য একটা বেনিফিট ম্যাচেরও আয়োজন করা হয়েছিল। পর কোচিংও করিয়েছেন। তবে কোচিং জীবন বেশিদূর এগোয়নি। জনসনের মৃত্যুতে শোকাহত ভারতীয় ক্রিকেটমহল। প্রাক্তন সতীর্থ অনিল কুম্বলে থেকে শুরু করে বোর্ড সচিব জয় শাহ শোক জানিয়েছেন।
❤ Support Us







