- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৯, ২০২৪
আবার বিতর্কে রোনাল্ডো, মাথা গরম করে লাল কার্ড, ঘুষি পাকিয়ে তেড়ে গেলেন রেফারির দিকেও
একদিকে মাঠে যেমন গোলের বন্যা বইয়ে দেন, বিতর্কও কখনও তাঁর পেছন ছাড়ে না। সৌদি সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে আবার বিতর্কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিপক্ষ ফুটবলারকে মেরে শুধু লাল কার্ডই দেখেননি, ঘুষি পাকিয়ে রেফারির দিকেও তেড়ে যান। আরও বড় শাস্তির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে আল নাসেরের এই পর্তুগিজ তারকার।
সোমবার রাতে সৌদি সুপার কাপ সেমিফাইনালে আল নাসের ও আল হিলালের মধ্যে খেলা ছিল। ম্যাচের ৮৫ মিনিটে আল হিলালের আলি আলবুলাইহি সাইডলাইনের বাইরে থেকে বল কুড়িয়ে নিয়ে আসতে যান। ছুটে গিয়ে আলবুলাইহির হাত থেকে বল কেড়ে নেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আলবুলাইহি বাধা দিতে গেলে রোনাল্ডো তাঁকে কনুই দিয়ে আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাঠে শুয়ে পড়েন আলবুলাইহি। দুই দলের ফুটবলাররা ছুটে আসেন। রেফারিও ছুটে আসেন। দুই দলের ফুটবলারদের মধ্যে তর্কাতর্কি বেধে যায়। ঝামেলার মধ্যেই রেফারি রোনাল্ডোকে লাল কার্ড দেখান।
এপরপর রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে রোনাল্ডো তাঁর দিকে ঘুষি পাকিয়ে তেড়ে যান। সতীর্র্থরা আটকান রোনাল্ডোকে। রেফারিকে কটাক্ষ করে নেতৃত্বের আর্মব্যান্ড খুলে মাঠ থেকে বেরিয়ে যান। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় রোনাল্ডোকে কটাক্ষের মুখে পড়তে হয়। আল হিলাল সমর্থকরা তাঁকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ চিৎকার করতে থাকেন।
রোনাল্ডো যখন লাল কার্ড দেখেন, তখন ২–০ ব্যবধানে পিছিয়ে ছিল আল নাসের। ম্যাচে নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি রোনাল্ডো। আল হিলালের ডিফেন্ডার আলবুলাইহির কাছে বারবার আটকে গিয়ে মাথা ঠান্ডা রাখতে পারেননি। তারই প্রতিফলন ঘটে শেষ দিকে। যদিও ম্যাচে শেষ দিকে ব্যাবধান কমিয়ে ২–১ করেন আল নাসেরের সাদিও মানে। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬১ মিনিটে সালেম আল দাউসারি গোল করে আল হিলালকে এগিয়ে দেন। ৭২ মিনিটে ব্যবধান বাড়ান ম্যালকম। রোনাল্ডো লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি আল নাসের।
রেফারির সঙ্গে তর্ক করা ও ঘুষি পাকিয়ে মারতে উদ্যত হওয়ার জন্য কড়া শাস্তির মুখে পড়তে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। আল নাসেরের এই পর্তুগীজ তারকাকে দু’ম্যাচ নির্বাসিত করা হয়েছে। একই সঙ্গে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই শাস্তির ফলে সৌদি প্রো লিগে আল ফেইহা ও আল খালিজের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে খেলতে পারবেন না রোনাল্ডো।
❤ Support Us








