Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১৯, ২০২৪

সাদিকুকে ছেড়ে গ্রেগ স্টুয়ার্টকে নিচ্ছে মোহনবাগান, রেকর্ড অর্থে ইস্টেবঙ্গলে জিকসন সিং

আরম্ভ ওয়েব ডেস্ক
সাদিকুকে ছেড়ে গ্রেগ স্টুয়ার্টকে নিচ্ছে মোহনবাগান, রেকর্ড অর্থে ইস্টেবঙ্গলে জিকসন সিং

ব্রেন্ডন হামিল, ভিক্টর ইউস্তে, জনি কাউকোর পর এবার আর্মান্দো সাদিকুকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। তাঁর জায়গায় দলে নিচ্ছে স্কটল্যান্ডের মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে। স্টুয়ার্টের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত আনুষ্ঠানিক সই–সাবুদ পর্ব বাকি। মোহনবাগান ছেড়ে এফসি গোয়াতে যোগ দিচ্ছেন সাদিকু। এদিকে, কেরালা ব্লাস্টার্স ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিলেন জিকসন সিং। তাঁর সঙ্গে ৪ বছরের চুক্তি করেছে লাল–হলুদ শিবির। বৃহস্পতিবারই কলকাতায় চলে এসেছেন জিকসন।
দীর্খঘদিন ধরেই আর্মান্দো সাদিকুকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছিল। এফসি গোয়া তাঁকে নিতে রাজি হওয়ায় বিষয়টি চূড়ান্ত হল। সবুজ–মেরুন জার্সি গায়ে ৩৫টি ম্যাচ খেলেছেন আর্মান্দো সাদিকু। কোচ জুয়ান ফেরান্দোর হাত ধরে তিনি মোহনবাগানে এসেছিলেন। গত মরশুমে খুব একটা ভাল ফর্মে ছিলেন না। অধিকাংশ ম্যাচেই তাঁকে পরিবর্ত হিসেবে ব্যবহার করতেন কোচ আন্তোনীয় হাবাস। সবুজ–মেরুনের দায়িত্ব নেওয়া কোচ মোলিনা নতুন বিদেশিদের নিয়ে দল সাজাতে চাইছেন। তাই দায়িত্ব নেওয়ার পরই হামিল, ইউস্তে, কাউকোদের ছেড়ে দিয়েছেন। এবার সাদিকুর পালা। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, সাদিকুকে ছেড়ে দিয়ে নতুন বিদেশি নিতে চায় মোহনবাগান। শেষ পর্যন্ত সেই পথেই হাঁটতে চলেছে টিম ম্যানেজমেন্ট।
মোহনবাগান থেকে মুক্তি পাওয়ার পর এফসি গোয়াতে যোগ দিতে প্রস্তুত সাদিকু। দুই ক্লাবের মধ্যে মৌখিক চুক্তি হয়েছে। দ্রুত কাগজপত্র সম্পন্ন হবে। সাদিকুর বদলি হিসেবে স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে সই করতে চাইছে। ২০২১ সালে জামশেদপুর এফসি–র হয়ে খেলেছিলেন ৩৪ বছর বয়সী স্টুয়ার্ট। জামশেদপুরকে লিগ–শিল্ড জিতিয়েছিলেন। ১০ গোল করে গোল্ডেন বল জিতেছিলেন। এরপর তিনি মুম্বই সিটি এফসি–তে যোগ দেন। মুম্বইয়ের জার্সি গায়ে ৪৫ ম্যাচে ১৭টি গোল করেন। এই মুহূর্তে তিনি স্কটল্যান্ডের প্রথম ডিভিশনের ক্লাব কিলমারনক এফসি–তে খেলছেন। সেখান থেকে আবার ভারতে ফিরে আসছেন।
ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংসের পেছনে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে গ্রেগ স্টুয়ার্টকে ব্যবহার করতে চান মোলিনা। হামিল, ইউস্তের পরিবর্তে দুই ডিফেন্ডার ইংল্যান্ডের টম অলড্রেড ও স্পেনের আলবার্তো রড্রিগেজকে আগেই দলে নিয়েছে মোহনবাগান। সাদিকুকে ছেড়ে দেওয়ার পর মোহনবাগানে বিদেশির সংখ্যা দাঁড়াবে ৪। ফলে আরও দুজনকে নেওয়ার জায়গা থাকবে। তার মধ্যে একজন গ্রেগ স্টুয়ার্ট।‌
এদিকে, লালংমাওয়াইয়া রালতেকে না পেয়ে জিকসন সিংয়ের জন্য ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার্স ছেড়ে তিনি লাল–হলুদে খেলতে রাজি হন। থাইল্যান্ডে কেরলের প্রস্তুতি শিবিরে ছিলেন জিকসন। সেখান থেকে সরাসরি কলকাতায় চলে এসেছেন। রেকর্ড অর্থে তাঁর সঙ্গে ৪ বছরের চুক্তি করেছে ইস্টবেঙ্গল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!