- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ২৮, ২০২৩
আইসিসির পর এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের শাস্তির মুখে হরমনপ্রীত
বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে ব্যাট দিয়ে উইকেট ভেঙে এবং বাংলাদেশ দলকে নিয়ে কটাক্ষ করায় আইসিসি–র শাস্তির কবলে পড়েছেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। এবার তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। হরমনপ্রীতকে বোর্ডের কাছে নিজের আচরণের জবাবদিহি করতে হবে।
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ব্যাট দিয়ে আঘাত করে উইকেট ভেঙে দিয়েছিলেন হরমনপ্রীত কাউর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারের সমালোচনাও করেছিলেন। বাংলাদেশ অধিনায়কের সঙ্গে ট্রফি নিয়ে ছবি তুলতে অস্বীকারও করেন। শুধু তাই নয়, বাংলাদেশ দলের শেষ ম্যাচে জয় নিয়ে কটাক্ষও করেন। ম্যাচ রেফারি ম্যাচ ফি–র ৭৫ শতাংশ জরিমানা করেছিল। এছাড়া আইসিসি–র কোড অফ কন্ডাক্টের ২.৮ ধারা লঙ্ঘন করায় ২ ম্যাচ নির্বাসিত হতে হয়েছে হরমনপ্রীতকে। পাশাপাশি তাঁর নামে ৪ টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। আগামী ২ বছর আইসিসি–র নজরদারিতে থাকতে হবে হরমনপ্রীতকে। আইসিসি–র নির্বাসনের কবলে পড়ায় এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না হরমনপ্রীত।
হরমনপ্রীতের আচরণের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বিশ্ব ক্রিকেটে মুখ পোড়ার বিষয়টা ভালভাবে নেয়নি বোর্ড। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, হরমনপ্রীতকে তলব করা হবে। প্রেসিডেন্ট রজার বিনি ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের কাছে জবাবদিহি করতে হবে। তাঁর জবাবদিহিতে বোর্ড সন্তুষ্ট না হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে হরমনপ্রীতকে। বোর্ড কর্তাদের কাছে ব্যাখ্যা যথাযথ মনে হলেও কড়া ভাষায় সতর্ক করা হবে ভারতীয় দলের অধিনায়ককে।
❤ Support Us








