Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২, ২০২৩

ডিএ আন্দোলনকারীদের মিছিলে হাইকোর্টের অনুমতি। নবান্ন নয়, হাওড়া ময়দানেই শেষ করতে হবে পদযাত্রা

গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে, রাজ্য পুলিশের দাবির পাল্টা প্রতিক্রিয়া রাজশেখর মান্থার

আরম্ভ ওয়েব ডেস্ক
ডিএ আন্দোলনকারীদের মিছিলে হাইকোর্টের অনুমতি। নবান্ন নয়, হাওড়া ময়দানেই শেষ করতে হবে পদযাত্রা

মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে, যে পথ ধরে পদযাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার কথা তাঁরা ভেবেছিলেন , সেখান দিয়ে যাওয়া যাবে না। বিচারপতি মান্থার নির্দেশ, রুট বদল করতে হবে।

৪ মে, বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন কো-অর্ডিনেশন কমিটি সহ সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠনের যৌথ মঞ্চ । পুলিশের কাছে এ ব্যাপারে অনুমতি চাওয়া হলে, সাধারণ মানুষের অসুবিধার কারণ দেখিয়ে তাঁদের আবেদন নাকচ করে দেয়। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা। মঙ্গলবার সে মামলা বিচারপতি মান্থার এজলাসে ওঠে। তিনি বলেছেন, আন্দোলনকারীরা নিজেদের অসুবিধার কথা জানানোর জন্য শান্তিপূর্ণভাবে যদি লড়াই করেন, তবে বাধা কেন? রাজ্য এ  ধরনের কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করতে পারে, কিন্তু বাধা দিতে পারে না। প্রতিবাদ  জানানো  মানুষের মৌলিক অধিকার, একথা স্মরণ করিয়ে দেন বিচারক। তবে, তাঁর নির্দেশ, রাজ্যের প্রশাসনিক ভবনের দিকে যাওয়া যাবে না। পরিবর্তে ফেরিঘাট থেকে শুরু করে হাওড়া ময়দানে শেষ করতে হবে পদযাত্রা। দুপুর আড়াইটে থেকে সাড়ে চারটে পর্যন্ত চলবে মিছিল ।

মিছিল আটকাতে রাজ্য সরকারের প্রচেষ্টার অন্ত ছিল না। তাঁদের পক্ষ থেকে বলা হয়, যে পথে মিছিল করার কথা বলা হচ্ছে, সেটা জনবহুল এলাকা। সেখানে স্কুল, আদলত,বাজার ও অন্যান্য প্রশাসনিক ভবন আছে। এখান দিয়ে আন্দোলনকারীরা পদযাত্রা  করলে  সমস্যায় পড়বে স্কুল পড়ুয়া ও নিত্যদিনের অফিস যাত্রীরা।যান চলাচলে  অসুবিধা হবে। অন্য পথে, অন্য জায়গায় যদি করা হয় তাহলে কোনো আপত্তি নেই।

সরকারের যুক্তির পাল্টা জবাবে বিচারপতি রাজশেখর মান্থা বললেন, নিয়ম সকলের ক্ষেত্রে এক হওয়া জরুরি। রাজ্যের পুলিশের উদ্দেশে তাঁর প্রশ্ন, যে বিধিনিষেধের কথা বলা হচ্ছে, তা রাজ্যের শাসকদলের ক্ষেত্রেও প্রযোজ্য তো ? রেড রোড বন্ধ করে যখন দলীয় কর্মসূচি পালন করা হয়, মিছিল হয় তখন কোনো সমস্যা দেখা যায় না। এক্ষেত্রে শাসক-বিরোধী সবাই এক। সাধারণ মানুষ যখন রাস্তায় বেরিয়ে বিড়ম্বনার মধ্যে পড়েন, তখন পুলিশের আপত্তি কোথায় থাকে?

একই সঙ্গে তিনি মিছিলের জন্য অনলাইনে আবেদন গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, গণতান্ত্রিক দেশে সব সংগঠন তাঁদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে আন্দোলন করবে, এটাই স্বাভাবিক। একটা মিছিল একটা শহরকে পঙ্গু করে দেবে এটাও চাই না ,ঠিক তেমনই কলকাতায় দুর্গা পুজো সহ কোনো বড়ো উৎসবে রাস্তা বন্ধ হয়, সেটাও হওয়া উচিত নয়। কোর্টের রায়ে আন্দোলনকারীদের  লড়াইয়ে নতুন মাত্রা যোগ হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!