- দে । শ
- জুন ২৯, ২০২৪
জমি জবরদখল, পুকুর ভরাট রুখতে কাটোয়ায় উচ্চপর্যায়ের বৈঠক
সরকারি জমিতে জবরদখলকারীদের উচ্ছেদ, নাগরিকদের সুষ্ঠু পুরপরিষেবা প্রদান, পুকুর ভরাট বন্ধের নির্দেশকে দ্রুত কার্যকরী করতে বৈঠক। কাটোয়ার মহকুমাশাসকের কার্যালয়ে মহকুমাশাসক অর্চনা ওয়াংখেড়ের পৌরোহিত্যে সমস্ত সরকারি দফতরের আধিকারিকদের নিয়ে আয়োজিত সমন্বয় বৈঠকে পুলিশ, মহকুমার বিডিওরা, দাঁইহাট ও কাটোয়া পুরসভার কাউন্সিলররা হাজির ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, দাঁইহাট ও কাটোয়া শহরের ফুটপাথ পথচারীদের ব্যবহারের জন্য দখলমুক্ত করা হবে।
সরকারি জমিতে গজিয়ে ওঠা ঝুপড়ি উচ্ছেদ ও বেআইনি পুকুর ভরাট বন্ধ করা হবে। জবরদখলদারীদের তালিকা তৈরির জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বৈঠকে যোগ দিতে এসে কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, ‘শহরের অপরাধমূলক কাজকারবার বন্ধে পুলিশ সবসময় তৎপর।’ মহকুমাশাসক অর্চনা ওয়াংখেড়ের ঘোষণা, ‘জবরদখলকারীদের জায়গা চিহ্নিত করে অবিলম্বে সেইসব জায়গা দখলমুক্ত করা হবে।’ কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলেন, ‘এখনও সরকারি জমি জবরদখলের অভিযোগ জমা না পড়লেও আমরা সজাগ আছি। খোঁজ শুরু হয়েছে৷ পুকুরভরাট বন্ধ করতে হবে। দুটি পুরশহরেই নাগরিকদের প্রাপ্য পুরপরিষেবা দিতে হবে।’ এদিনের বৈঠকে সেচদপ্তর, দমকল ও ভূমি সংস্কারের দপ্তরের আধিকারিকরাও যোগ দেন।
❤ Support Us






