- দে । শ
- আগস্ট ২২, ২০২৬
নজরে পাহাড় সমস্যা, ‘শাহী’ বৈঠকে কি মিলবে স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ ?
দীর্ঘদিনের পাহাড় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পাহাড়ে লড়াই করেছিল বিজেপির তিন প্রার্থী । এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে বসতে চলেছেন পাহাড়ের বিধায়ক ও সাংসদরা । সুকনায় অমিত শাহ যে হোটেলে রয়েছেন, সেখানেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে । দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের আশায় এই বৈঠকের দিকে তাকিয়ে গোটা পাহাড় ।
পাহাড়ের অন্যতম দীর্ঘদিনের দাবি পৃথক গোর্খাল্যান্ড রাজ্য। বাম আমল থেকেই এই দাবিতে সরব পাহাড়ের রাজনৈতিক দলগুলি। পরিস্থিতি সামাল দিতে তৎকালীন বাম সরকার দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল বা ডিজিএইচসি গঠন করেছিল । পরবর্তীতে তৃণমূল সরকার গঠন করে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ । তবে পাহাড়ের একাংশের মতে, এই ব্যবস্থাগুলি স্থায়ী রাজনৈতিক সমাধান এনে দিতে পারেনি ।
অন্যদিকে, বিজেপি দীর্ঘদিন ধরেই পাহাড় সমস্যার ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’-এর প্রতিশ্রুতি দিয়ে আসছে । বর্তমানে রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন ‘ডবল ইঞ্জিন’ সরকার থাকায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ার বিষয়ে পাহাড়বাসীর প্রত্যাশাও বেড়েছে ।
শনিবারের বৈঠকে পাহাড়ের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরা হবে । সবচেয়ে বড় দাবি থাকবে পাহাড় সমস্যার দ্রুত স্থায়ী রাজনৈতিক সমাধান । পাশাপাশি জিটিএ-র বোর্ড গঠন, পাহাড়ের পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন, স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে শিক্ষক নিয়োগ এবং পাহাড়ের যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিও জানানো হবে ।
বৈঠকে উপস্থিত থাকার কথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার । থাকবেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং এবং দলের সাধারণ সম্পাদক রোশন গিরিও । রাজ্যের অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনেরও বৈঠকে থাকার সম্ভাবনা রয়েছে ।
দার্জিলিংয়ের বিধায়ক নোমান রাই বলেন, পাহাড়ে দ্রুত স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে । পাশাপাশি দীর্ঘদিন ধরে থমকে থাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করা, জিটিএ-র পাশাপাশি পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন আয়োজন এবং স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিও জানানো হবে ।
বৈঠক নিয়ে আশাবাদী দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও । তাঁর বক্তব্য, সিপিএম ও তৃণমূল কংগ্রেসের আমলে পাহাড়কে নিয়ে অনেক ভেদাভেদ তৈরি হয়েছে। বিজেপির সময়ে সেই পরিস্থিতি হবে না বলেও দাবি করেন তিনি । পাহাড় নিয়ে বিজেপির যে স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি রয়েছে, খুব শীঘ্রই সেই কাজ সম্পন্ন হবে বলেও আশ্বাস দেন তিনি ।
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পরেই পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতাতেও তাঁর সঙ্গে দেখা করেছেন বিমল গুরুং ও রোশন গিরি । এরই মধ্যে বৃহস্পতিবার দার্জিলিং শহরে আয়োজিত নেপালি দিবসের অনুষ্ঠানেও বিমল গুরুং স্পষ্ট করে দিয়েছেন, পাহাড়ের মূল দাবি একটাই—স্থায়ী রাজনৈতিক সমাধান। সেই দাবিতেই সরকারের কাছে তাঁরা আবেদন জানাবেন বলে জানিয়েছেন তিনি ।
ফলে অমিত শাহের সঙ্গে শনিবারের বৈঠককে ঘিরে পাহাড়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে । দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে এই বৈঠক সত্যিই কোনও স্থায়ী সমাধানের পথ খুলে দেয় কি না, এখন সেদিকেই নজর পাহাড়বাসীর ।
❤ Support Us






