Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৮, ২০২৪

বছরের শেষ ম্যাচে এগিয়ে গিয়েও হায়দরাবাদের বিরুদ্ধে জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের

আরম্ভ ওয়েব ডেস্ক
বছরের শেষ ম্যাচে এগিয়ে গিয়েও হায়দরাবাদের বিরুদ্ধে জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের

পরপর দুটি ম্যাচ জিতে প্রথম ছয়ে থাকার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল করেছিল ইস্টবেঙ্গল। দলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকরা। তবে জয় দিয়ে বছরটা শেষ করতে পারল না ইস্টবেঙ্গল। শনিবার হায়দরাবাদ এফসি–র কাছে আটকে গেল। ম্যাচের ফল ১–১। এগিয়ে গিয়েও জয় হাতছাড়া লালহলুদের। আইএসএলে জয়ের হ্যাটট্রিক অধরাই থেকে গেল ইস্টবেঙ্গলের কাছে।
টানা ৫ ম্যাচ হারের মুখ দেখা হায়দরাবাদ এফসি–র বিরুদ্ধে এগিন ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। আগের কয়েকটা ম্যাচে আনোয়ার আলিকে মাঝমাঠে ব্লকারের ভূমিকায় খেলিয়েছিলেন। হায়দরাবাদের বিরুদ্ধে নিজের জায়গা সেন্ট্রাল ডিফেন্সে ফিরলেন। আক্রমণভাগে দুই বিদেশি ক্লেইটন সিলভা ও দিমিত্রয়স দিয়ামানতাকোস। অস্কার ব্রুজোর লক্ষ্য ছিল শুরু থেকেই আক্রমণ শানিয়ে মনোবল তলানিতে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমেই গোল তুলে নেওয়া।
প্রথমার্ধে চূড়ান্ত দাপট ছিল ইস্টবেঙ্গলের। অধিকাংশ সময়ই তো হায়দরাবাদ রক্ষণ সীমানায় খেলা হল। লালহলুদের আক্রমণের তীব্রতা এতটাই ছিল, এক সময় ১০ জন মিলে ডিফেন্স করছিল হায়দরাবাদ। লক্ষ্য ছিল টানা ষষ্ঠ জয় আটকান। তার মাঝেই ২১ মিনিটে সুযোগ পেয়েছিল হায়দরাবাদ। প্রভাত লাকরাকে পরাস্ত করে কোরেরা বল নিয়ে লালহলুদ বক্সে ঢুকে যান। সে যাত্রা ইস্টবেঙ্গলকে বাঁচিয়ে দেন আনোয়ার আলি। হায়দরাবাদ রক্ষণের জাল বোনা সত্ত্বেও ইস্টবেঙ্গলের সামনে বেশ কয়েকটা সুযোগ এসে গিয়েছিল। কাজে লাগাতে পারেননি দিয়ামানতাকোস, পিভি বিষ্ণু, নন্দকুমাররা। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল গোলশূন্য।
দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের দাপট বজায় ছিল। অবশেষে একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ৬৪ মিনিটে এগিয়ে যায়। ক্লেইটনের দুরন্ত ফ্রিকিক ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বলে হেডে গোলে পাঠান জিকসন সিং। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। নন্দকুমারের শট আটকে দেন হায়দরাবাদ গোলকিপার অর্শদীপ। অবশেষে ৯০ মিনিটে ইস্টবেঙ্গলের ৩ পয়েন্টের স্বপ্নে আঘাত করেন মনোজ মহম্মদ। কোরেইরার পাস থেকে ডানপায়ের কোনাকুনি শটে গোল করেন। শেষ পর্যন্ত আইএসএলে জয়ের হ্যাটট্রিক অধরাই থাকল লালহলুদের। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রইল ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে একধাপ নীচে হায়দরাবাদ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!