Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৬, ২০২৩

বিশ্বকাপে বড় অঘটন, বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস আফগানিস্তানের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপে বড় অঘটন, বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস আফগানিস্তানের

সময়টা একেবারে ভাল যাচ্ছে না ইংল্যান্ডের। চোটের জন্য এখনও মাঠে নামতে পারেননি আগের বিশ্বকাপের নায়ক বেন স্টোকস। তার ওপর এবারের উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হার। বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও আবার ধাক্কা। রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে ফেলল আফগানরা। ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে চমক আফগানিস্তানের। দিল্লিতে স্মরণীয় রাতের সাক্ষী থাকলেন রশিদ খানরা। গর্বের মুহূর্ত, ঐতিহাসিক দিন আফগান ক্রিকেটের।
আফগানিস্তানকে ধর্তব্যের মধ্যে রাখেনি নাক উঁচু ইংরেজরা। মাঠে নামার আগে জস বাটলারদের শরীরী ভাষাতে আত্মপ্রত্যয়ের ছাপ। অহঙ্কারের খেসারত দিতে হল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই পর্যুদস্ত ইংল্যান্ড। আফগানিস্তানের কাছে হেরে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার রাস্তায় কন্টকাকীর্ণ হয়ে পড়ল। কঠিন চাপে পড়ে গেল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় জয় তুলে নিল আফগানিস্তান। ২০১৫ পর আবার জয়।
টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন জস বাটলার। দিল্লির উইকেটে যে কোনও রান তাড়া করা সম্ভব। এই কথা মাথায় রেখে। কিন্তু আফগানরা সেই সুযোগ দেয়নি।
রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিন জাদরানের ওপেনিং জুটি শুরু থেকেই চাপে রেখেছিল ইংল্যান্ডকে। ১১৪ রানের ওপেনিং জুটি বড় রানের ভিত গড়ে দেয় আফগানিস্তানের। জাদরানকে (‌২৮)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন আদিল রশিদ। ১৯ তম ওভারে রহমত শাহ (‌৩)‌ ও গুরবাজ (‌৫৭ বলে ৮০)‌ পরপর ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় আফগানিস্তান। শাহিদি (‌১৪)‌, আজমাতুল্লাহ (‌১৯)‌, নবিরা (‌৯)‌ রান না পেলেও দলকে টেনে নিয়ে যান ইকরাম আলিখিল। ৬৬ বলে তিনি করেন ৫৮। রশিদ খান করেন ২৩। শেষ দিকে ঝড় তুলে ১৬ বলে ২৮ রান করেন মুজিব–উর–রহমান। ৪৯.‌৫ ওভারে ২৮৪ রান তোলে আফগানিস্তান। ৪২ রানে ৩ উইকেট নেন আদিল রশিদ।
অরুণ জেটলি স্টেডিয়ামে এই রান তাড়া করা খুব একটা কঠিন ছিল না। কিন্তু আফগানদের দুরন্ত বোলিংই বাটলারদের কাছে অন্তরায় হয়ে দাঁড়ায়। দ্বিতীয় ওভারেই জনি বেয়ারস্টোকে (‌২)‌ তুলে নেন ফজলেহক ফারুকি। মুজিব তুলে নেন জো রুটকে (‌১১)‌। এরপর দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন দাওয়িদ মালান ও হ্যারি ব্রুক। মালানকে (‌৩২)‌ ফেরান নবি। বাটলার (‌৯)‌, লিভিংস্টোন (‌১০)‌, সাম কারেনরা (‌১০)‌ দলকে ভরসা দিতে পারেননি। ১৩৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যআন্ড। হ্যারি ব্রুকের (‌৬১ বলে ৬৬)‌ কাজে লাগেনি। ৪০.‌৩ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। আদিল রশিদ করেন ২০। মার্ক উড ১৮। দুরন্ত বোলিং করে ৩৭ রানে ৩ উইকেট তুলে নেন রশিদ খান। মুজিবেরও ৩ উইকেট। ১৬ রানে ২ উইকেট নবির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!