Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৮, ২০২৩

বিশ্বকাপের সূচি ঘোষণা করতে কেন বিলম্ব, জানাল আইসিসি

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপের সূচি ঘোষণা করতে কেন বিলম্ব, জানাল আইসিসি

অন্যান্যবার বিশ্বকাপের বছরখানেক আগেই সূচি তৈরি হয়ে যায়। এবছর ৪ মাস আগেও বিশ্বকাপের সূচি ঘোষণা করতে পারল না আইসিসি। বিশ্বকাপের ভেন্যু নিয়ে নানা জটিলতার কারণেই এখনও সূচি চূড়ান্ত করতে পারেনি ২০২৩ একদিনের বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই সূচি ঘোষণা করতে বিলম্ব হচ্ছে আইসিসি–র।
অক্টোবর–নভেম্বরে ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ৫ অক্টোবর শুরু হওয়ার কথা। ফাইনাল ১৮ নভেম্বর। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৪ মাস বাকি। কিন্তু এখনও বিশ্বকাপের সূচি চূড়ান্ত করতে পারেনি আইসিসি। বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের টালবাহানা ও নানারকম শর্তের জন্যই সূচি তৈরি করতে পারেনি আয়োজক ভারত। আইসিসি–র চেয়ারম্যান জিওফ অ্যালারডাইস বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে খসড়া সূচি পাওয়ার পরই ঘোষণা করতে হবে।
কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছিলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়ই বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে। আইসিসি–র চেয়ারম্যান জিওফ অ্যালারডাইস এই ব্যাপারে বলেন, ‘‌আমরা কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে খসড়া সূচি হাতে পাব। তারপর সমস্ত অংশগ্রহণকারী দল এবং সম্প্রচারকারী সংস্থার সঙ্গে পরামর্শ করে দ্রুত সূচি প্রকাশ করব। যতক্ষণ না আমরা সূচি হাতে পাচ্ছি, ততক্ষণ এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারব না। তবে দু-একদিনের মধ্যেই সূচি হাতে পাব।’‌
অন্যান্য বছর বিশ্বকাপের সূচি প্রায় বছরখানেক আগেই তৈরি হয়ে যায়। যেমন ২০১৫ বিশ্বকাপের সূচি উদ্বোধনী ম্যাচের ১৮ মাস আগে অর্থাৎ ২০১৩ সালের ৩০ জুলাই প্রকাশিত হয়েছিল। ২০১৯ বিশ্বকাপের সূচি উদ্বোধনের ১৩ মাস আগে অর্থাৎ ২০১৮ সালের ২৬ এপ্রিল প্রকাশিত হয়েছিল। আর ২০২৩ বিশ্বকাপ ৫ অক্টোবর শুরু হওয়ার কথা। আর মাত্র ৪ মাস বাকি, অথচ এখনও সূচি প্রকাশিত হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!