- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১১, ২০২৩
সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করল আই সি সি
দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কা ক্রিকেটে ডামাডোল চলছে। এবার চরম বিপর্যয় নেমে এল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করল আইসিসি। ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কদিন আগেই শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ তুলে ভেঙে দিয়েছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে। ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে ৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছিলেন। ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল অর্জুন রণতুঙ্গাকে। রানাসিংহের নির্দেশে পদত্যাগ করেছিলেন ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি’সিলভা। এরপর শাসকগোষ্ঠী আদালতের দ্বারস্থ হয়। আদালত সরকারের সিদ্ধান্তের ওপর ১৪ দিনের স্থগিতাদেশ দেয়। আদালতের নির্দেশে আবার ক্ষমতা ফিরে পান শাম্মি ডিসলভারা।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ মেনে নিতে পারেনি আইসিসি। শুক্রবার আইসিসি-র বোর্ডের সভা ছিল। সেই সভায় সর্বসম্মতভাবে শ্রীলঙ্কাকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আইসিসি-র সদস্য হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যেভাবে নিয়ম লঙ্ঘন করেছে, তা যথেষ্ট গুরুত্বপূর্ন বিষয়। আইসিসি-র নিয়ম অনুযায়ী দেশের ক্রিকেট বোর্ডকে স্বশাসিত হতে হবে। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আইসিসি-র শর্ত না মানায় নির্বাসিত করা হল। সাসপেনশনের শর্তগুলি আইসিসি-র বোর্ডের পক্ষ থেকে পরে জানানো হবে।”
১৮ থেকে ২১ নভেম্বর আমেদাবাদে আইসিসি-র ত্রিমাসিক বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগে এদিন আইসিসি-র বোর্ডের সদস্যরা অনলাইন বৈঠক করেন। বৈঠকে শ্রীলঙ্কার প্রসঙ্গটি উঠে আসে। দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে আর্থিক দুর্নীতি, প্রশাসন চালানোর ব্যাপারে এবং দল গঠনেও সরকারি হস্তক্ষেপের অভিযোগ আগেই পেয়েছিল আইসিসি। তারই পরিপ্রেক্ষিতে নির্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসন চালানো তো বটেই, দল নির্বাচনের ক্ষেত্রেও হস্তক্ষেপ করত সে দেশের সরকার। নির্বাচকরা দল বেছে নেওয়ার পর তা পাঠানো হত সরকারের কাছে। ক্রীড়ামন্ত্রী অনুমতি দিলেই দল ঘোষণা করা হত। আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে এইরকম সরকারি হস্তক্ষেপ মেনে নিতে পারেনি। তাই নির্বাসনের পথে হাঁটতে বাধ্য হল। এর ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়ে গেল শ্রীলঙ্কা ক্রিকেট।
❤ Support Us








