- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৫, ২০২৪
দুরন্ত রোহিত, অস্ট্রেলিয়াকে হারিয় গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে ভারত, সামনে ইংল্যান্ড
ভারতের বিরুদ্ধে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। আশা জাগিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে বিপাকে মিচেল মার্শের দল। অস্ট্রেলিয়ার সেমিফাইনালের ভাগ্য বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচের ওপর। অন্যদিকে, অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে ১ নম্বর গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনালে ভারত।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারেই বিরাট কোহলিকে (০) তুলে নিয়ে ভারতকে প্রথম ধাক্কা দেন জশ হ্যাজেলউড। এরপরই তান্ডব শুরু করেন রোহিত শর্মা। মিচেল স্টার্কের এক ওভারে ৪টি ছক্কা ও ১টি চার সহ ২৯ রান নেন। রোহিতের তান্ডবের সামনে দিশেহারা হয়ে পড়েছিলেন অসি বোলাররা। ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে ৮৭ রান তোলেন রোহিত। ১৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৯২ রানের মাথায় আউট হন ঋষভ (১৪ বলে ১৫)। ১১.২ ওভারে রোহিত যখন আউট হন, ভারতের রান ৩ উইকেটে ১২৭। এর মধ্যে রোহিতের একারই ৪১ বলে ৯২।
রোহিত আউট হওয়ার পর ভারতের রানের গতি ধরে রাখেন সূর্যকুমার যাদব। ১৬ বলে ৩১ রান করে তিনি মিচেল স্টার্কের বলে আউট হন। তবে শুরুর দিকে নড়বড়ে থাকলেও ২২ বলে ২৮ রান করে আউট হন শিবম দুবে। ১৭ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ভারত ৫ উইকেটে তোলে ২০৫। মিচেল স্টার্ক ৪৫ রানে ২টি ও মার্কাস স্টয়নিস ৫৬ রানে ২টি উইকেট নেন।
জয়ের জন্য বিশাল রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারের শেষ বলে ডেভিড ওয়র্নারকে (৬) তুলে নেন অর্শদীপ সিং। শুরুতে উইকেট হারালেও অস্ট্রেলিয়ার রানের গতি কমতে দেননি ট্রাভিস হেড ও মিচেল মার্শ। মার্শ (২৮ বলে ৩৭) যখন আউট হন, অস্ট্রেলিয়া ৯ ওভারে ৮৭। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০৭ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। হেড ও ম্যাক্সওয়েল দলকে আশা দেখাচ্ছিলেন। ১৪তম ওভারে কুলদীপ যাদবের বলে গ্লেন ম্যাক্সওয়েল (১২ বলে ২০)। পরের ওভারে মার্কাস স্টয়নিসকে (২) তুলে নেন অক্ষর প্যাটেল। পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ১৭ তম ওভারের তৃতীয় বলে ট্রাভিস হেড আউট হতেই যাবতীয় আশা শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার। ৪৩ বলে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন হেড। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮১/৭ রানে থেমে যায় অস্ট্রেলিয়া। ৩৭ রানে ৩ উইকেট নেন অর্শদীপ সিং। ২৪ রানে ২ উইকেট কুলদীপ যাদবের।
১ নম্বর গ্রুপ থেকে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠল ভারত। অস্ট্রেলিয়া ৩ ম্যাচে ২ হার ও ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয়। তাদের নেট রানরেট –০.৩৩১। ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান (–০.৬৫০) তৃতীয়। ২ ম্যাচে জয়হীন বাংলাদেশ (–২.৪৮৯) এই গ্রুপে চতুর্থ। মঙ্গলবার আফগানিস্তান–বাংলাদেশ ম্যাচের ওপর নির্ভর করছে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে যাবে।
❤ Support Us








