- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২১, ২০২৪
ব্যাটে সূর্য, বলে বুমরার দাপট, আফগানদের উড়িয়ে সুপার এইটের যাত্রা শুরু ভারতের
সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে শুরু করল ভারত। রোহিত শর্মাদের জয় এল ৪৭ রানে। টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে দিয়ে ভারতকে বড় রানে পৌঁছে দিয়েছিলেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। দুরন্ত বোলিং করে ভারতের জয় নিশ্চিত করেন যশপ্রীত বুমরা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুটা ভাল হয়নি। তৃতীয় ওভারেই ফজলহক ফারুকির বলে ফিরে যান রোহিত শর্মা (১৩ বলে ৮)। বিরাট কোহলি ও ঋষভ পন্থ জুটি গড়ার চেষ্টা করেন। সপ্তম ওভারের মাথায় আউট হন ঋষভ। ১১ বলে তিনি করেন ২০। গ্রুপ লিগের ব্যর্থতা কাটিয়ে দু’অঙ্কের রানে পৌঁছলেন বিরাট কোহলি। তবে বড় ইনিংস খেলতে পারেননি। ২৪ বলে ২৪ রান করে রশিদ খানের বলে তিনি আউট হন। শিবম দুবে করেন ১০। ঋষভ, কোহলি, দুবেকে তুলে নেন রশিদ খান।
১১ ওভারের মধ্যেই ৯০ রানে ৪ উইকেট হারায় ভারত। এরপর দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া । ২৮ বলে ৫৩ রান করে আউট হন সূর্যকুমার যাদব। ২৪ বলে ৩২ রান করেন হার্দিক। রবীন্দ্র জাদেজা ৭ রান করে আউট হন। অক্ষর প্যাটেল করেন ১২। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে ভারত।
ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। দ্বিতীয় ওভারে রহমানুল্লাহ গুরবাজকে (৮ বলে ১১) তুলে নিয়ে প্রথম ধাক্কা দিয়েছিলেন যশপ্রীত বুমরা। নিজের প্রথম ওভারেই ইব্রাহিম জাদরানকে (৮) ফেরান অক্ষর প্যাটেল। হজরতুল্লাহ জাজাই (২) বুমরার শিকার। গুলবাদিন নাইব (২১ বলে ১৭) ও আজমাতুল্লাহ ওমরজাই (২০ বলে ২৬) জুটি গড়ে তোলার চেষ্টা করেন। কুলদীপ যাদব জুটি ভাঙতেই ধস নামে আফগান ইনিংসে। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায়। ৪ ওভারে ১টি মেডেনসহ ৭ রানে ৩ উইকেট নেন যশপ্রীত বুমরা। ৩৬ রানে ৩ উইকেট অর্শদীপ সিংয়ের। ২টি উইকেট পান কুলদীপ যাদব।
❤ Support Us







