Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৭, ২০২৪

প্রবাসী ভারতীয়র হাত ধরে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্রর

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রবাসী ভারতীয়র হাত ধরে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্রর

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন। চূড়ান্ত নাটকীয় ম্যাচে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে ইতিহাস গড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিনীদের কাছে হেরে সুপার এইটে যাওয়া রাস্তা কঠিন করে ফেলল পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক এক প্রবাসী ভারতীয়।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিনী বোলারদের সামনে শুরু থেকেই চূড়ান্ত অস্বস্তিতে ছিলেন পাকিস্তান ব্যাটাররা। বিশেষ করে প্রবাসী ভারতীয় বাঁহাতি জোরে বোলার সৌরভ নেত্রভালকারের বিরুদ্ধে। দ্বিতীয় ওভারেই তাঁর বলে স্লিপে মহম্মদ রিজওয়ানের (‌৯)‌ অবিশ্বাস্য ক্যাচ নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন স্টিভেন টেলর। ৫ ওভারের মধ্যে ফিরে যান উসমান খান (‌৩)‌, ফখর জামানও (‌১১)‌। ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে বাবর আজম ও শাদাব খানের হাত ধরে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। পাল্টা আক্রমণ শানিয়ে ২৫ বলে ৪০ রান করেন শাদাব। অন্যদিকে ৪৩ বলে ৪৪ রান করেন বাবর আজম। শেষদিকে ১৬ বলে অপরাজিত ২৩ রান করে পাকিস্তানকে ১৫০ রানের গণ্ডি পার করে দেন শাহীন আফ্রিদি। ২০ ওভারে পাকিস্তান তোলে ১৫৯/‌৭। দুরন্ত বোলিং করে ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন প্রবাসী ভারতীয় সৌরভ নেত্রভালকার।
জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ৫ ওভারে তুলে ফেলে ৩৬। নাসিম শাহর হাত ধরে ব্রেক থ্রু পায় পাকিস্তান। স্টিভেন টেলারকে (‌১২)‌ তুলে নেন তিনি। এরপর অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ও আন্দ্রিয়েস গুস দলকে এগিয়ে নিয়ে যান। ৩৮ বলে ৫০ রান করে মহম্মদ আমিরের বলে আউট হন মোনাঙ্ক। ২৬ বলে ৩৫ রান করেন আন্দ্রিয়েস গুস। তাঁকে ফেরান হ্যারিস রউফ। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অ্যারন জোন্স ও নীতীশ কুমার। শেষ ওভারে জয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার ছিল ১৫ রান। প্রথম পাঁচ বলে ১০ রান তোলে মার্কিনীরা। শেষ বলে জিততে গেলে ৫ রান করতে হত। হ্যারিস রউফের বলে বাউন্ডারি হাঁকিয়ে টাই করেন নীতিশ কুমার। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে মহম্মদ আমিরের ওভারে ১৮ রান করে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯। সুপার ওভারেও দুর্দান্ত বোলিং করেন একসময় ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলা সৌরভ নেত্রভালকার। তাঁর ওভারে ১৩ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। পাকিস্তানকে হারিয়ে ইতিহাস তৈরি করল মার্কিন যুক্তরাষ্ট্র।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!