Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৫, ২০২৬

পাকিস্তানকে ৬৪ রানে উড়িয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপে দারুণ শুরু ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
পাকিস্তানকে ৬৪ রানে উড়িয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপে দারুণ শুরু ভারতের

পুরুষ কিংবা মহিলা, সব ধরণের ক্রিকেটেই দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়ে আসছে ভারত। এবার মহিলাদের টি২০ বিশ্বকাপেও তার ব্যতিক্রম নেই। ২০২৬ মহিলাদের টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করল ভারত। স্মৃতি মানধানা ও দীপ্তি শর্মার দুরন্ত পারফরমেন্সের ওপর ভর করে ৬৪ রানে জয় ভারতের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে ভারত। জবাবে ১৭ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

বার্মিংহামের এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা ভাল হয়নি ভারতের। মাত্র ১৮ রানের মধ্যে ডাগ আউটে ফিরে যান শেফালি ভার্মা (‌৬) ও জেমাইমা রডরিগেজ (‌১)‌। এরপর ভারতকে টেনে নিয়ে যান স্মৃতি মানধানা ও অধিনায়ক হরমনপ্রীত কাউর। ৪ বছর আগে ২০২২ কমনওয়েলথ গেমসেও পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন স্মৃতি মানধানা। সেই ম্যাচেও তাঁর ব্যাটের ওপর ভর করে জিতেছিল ভারত। এবারও সেই একই গল্প। ৪৪ বলে ৬৮ রান করেন মানধানা। যা পাকিস্তানের বিপক্ষে তাঁর সর্বোচ্চ স্কোর। ৩৫ বলে ৩৬ রান করে আউট হন হরমনপ্রীত। রিচা ঘোষ ১৭ বলে করেন ৩৪।
জবাবে পাকিস্তানের ওপেনাররা ভাল শুরু করেন। পাওয়ার প্লে–তে মাত্র ১ উইকেট হারিয়ে ৫০ রান তোলে পাকিস্তান। এরপরই ধস নামে পাকিস্তান ইনিংসে। দীপ্তি শর্মার স্পিনের সামনে অসহায় আত্মসমর্পন করেন পাকিস্তান ব্যাটাররা। ১৭ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন দীপ্তি শর্মা। ১৭তম ওভারে তিনি পাকিস্তানের তিন–তিনজন ব্যাটারকে আউট করেন। ২১ রানে ৩ উইকেট নেন শ্রী চরণি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার মুনিবা আলি (‌৩৫ বলে ৪১)‌।

জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। জয়ের চেয়েও বেশি স্বস্তি কয়েকজন ক্রিকেটারের পারফরমেন্স। বিশ্বকাপের আগে ভাল ফর্মে ছিলেন না স্মৃতি মানধানা ও রিচা ঘোষ। দুজনই রান পেয়ে চিন্তা কমালেন টিম ম্যানেজমেন্টের। অন্যদিকে, এদিন ৫ উইকেট তুলে নিয়ে মহিলাদের টি২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন দীপ্তি শর্মা। তাঁর উইকেট সংখ্যা ১৬৬।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!