- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৮, ২০২৬
স্মৃতির দুরন্ত ব্যাটিং, চরণির ৪ উইকেট, মহিলা বিশ্বকাপে ৯৫ রানে পরাজিত নেদারল্যান্ড
মহিলাদের টি২০ বিশ্বকাপে দারুণ গতিতে এগিয়ে চলেছে ভারত। প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে ৬৪ রানে জয়। দ্বিতীয় ম্যাচে হল্যান্ডকে উড়িয়ে দিল ৯৫ রানে। স্মৃতি মানধানার দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান তুলেছিল ভারত। জবাবে ১৭.৩ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় হল্যান্ডের ইনিংস।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় হল্যান্ড। প্রথম বল থেকেই ঝড় তোলেন দুই ওপেনার স্মৃতি মানধানা ও শেফালি ভার্মা। ওপেনিং জুটিতে মাত্র ১১.৩ ওভারে ১১৫ রান তুলে ফেলেন দুজনে। বিশ্বকাপের আগে একেবারেই ছন্দে ছিলেন না স্মৃতি মানধানা। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এদিন তাঁর ব্যাট থেকে এল আরও একটা হাফ সেঞ্চুরি।
দ্বাদশ ওভারের চতুর্থ বলে আউট হন শেফালি ভার্মা। ৩৮ বলে তিনি করেন ৫৫ রান। শেফালি ফিরে যাওয়ার পর ভারতকে এগিয়ে নিয়ে যান স্মৃতি। ১৬তম ওভারে আউট হন তিনি। ১০টি চার ও ১টা ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন স্মৃতি। জেমাইমা রডরিগেজ (১৩ বলে ১৯) ও যস্তিকা ভাটিয়া (৩) দ্রুত ফিরে যান। শেষদিকে ঝোড়ো ব্যাটিং করে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করে দেন রিচা ঘোষ। ৮ বলে ২০ রান করে তিনি অপরাজিত থাকেন। ৯ বলে ১২ রান করেন হরমনপ্রীত কাউর। দীপ্তি শর্মা ২ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।
জয়ের জন্য ২১০ রানের বিশাল লক্ষ্যে পৌঁছন এক প্রকার অসম্ভবই ছিল দুর্বল হল্যান্ডের কাছে। ভারতীয় বোলারদের দুরন্ত বোলিং কাজ আরও কঠিন করে দেয়। ওপেনিং জুটিতে ৪ ওভারে ৩৪ রান তুলেছিল হল্যান্ড। তারপর আর ছন্দ ধরে রাখতে পারেনি। ১৭.৩ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় হল্যান্ডের ইনিংস। সর্বোচ্চ রান বাবেতে ডি লিডের ২৭ বলে ২৮। ভারতের হয়ে দুরন্ত বোলিং করে শ্রী চরণি ১৯ রানে ৪ উইকেট নেন। ২০ রানে ৩ উইকেট নেন শেফালি ভার্মা।
❤ Support Us








