Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ২৪, ২০২৬

‌ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে বিশেষ আবেদন গাভাসকার, কপিল, বর্ডার, লয়েডসহ ২১ জন প্রাক্তন অধিনায়কের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে বিশেষ আবেদন গাভাসকার, কপিল, বর্ডার, লয়েডসহ ২১ জন প্রাক্তন অধিনায়কের

আবার ইমরান খানের পাশে দাঁড়ালেন বিশ্বের প্রাক্তন ক্রিকেট অধিনায়করা। ‌ইমরানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে আবেদন জানিয়েছেন সুনীল গাভাসকার, কপিলদেবসহ ২১ জন প্রাক্তন অধিনায়ক। তাঁরা পাকিস্তান সরকারকে ইমরান খানের জন্য ‘‌মানবিক আচরণ এবং যথাযথ চিকিৎসা’‌ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গাভাসকাররা সুপ্রিম কোর্টের নির্দেশে চিকিৎসা মূল্যায়ন এবং সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ যেন নিরবচ্ছিন্নভাবে ও মর্যাদার সঙ্গে সম্পন্ন করা হয়, তারও আবেদন জানিয়েছেন।

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই ২৩ আগস্ট জারি করা এই আবেদনটি প্রকাশ্যে এসেছে। এই আবেদনটি আদালত নির্দেশিত ডাক্তারি পরীক্ষার ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে করা হয়েছে। ৭৩ বছর বয়সী পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান তিন বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন। ৬ মাস আগে ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে ইমরানের ব্যাপারে আবেদন করেছিলেন। এবার আরও সাতজন প্রাক্তনঅধিনায়ক এই দলে যোগ দিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা চিঠিতে প্রাক্তন অধিনায়করা বলেছেন, রাজনীতির কারণে নয়, বরং ক্রিকেট মাঠে ইমরান খানের সঙ্গে তাঁদের অতীত সম্পর্কের কারণেই তাঁরা এই হস্তক্ষেপ করেছেন। চিঠিতে প্রাক্তন অধিনায়করা লিখেছেন, ‘‌প্রিয় প্রধানমন্ত্রী, ৬ মাস আগে ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক ইমরান খানের প্রতি মানবিক আচরণ এবং যথাযথ চিকিৎসার জন্য আপনাকে ও পাকিস্তান সরকারকে আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন। আমরা তখন রাজনীতিবিদ হিসেবে নয়, বরং প্রাক্তন সহকর্মী ও প্রতিদ্বন্দ্বী হিসেবে লিখেছিলাম, যাদের মধ্যে ক্রিকেট মাঠে গড়া এক গভীর বন্ধন রয়েছে। এমন এক বন্ধন যা দেশগুলোকে প্রায়শই বিভক্তকারী সীমান্ত ও বিবাদকে অতিক্রম করে যায়। সম্প্রতি যা ঘটেছে বলে জানা গেছে, তার কারণেই আমরা এখন আরও সাতজন প্রাক্তন অধিনায়কের সঙ্গে পুনরায় লিখছি।’‌

প্রাক্তন অধিনায়করা চিঠিতে, পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটা আদেশের কথাও উল্লেখ করেছে, যেখানে ইমরান খানকে একটা হাসপাতালে স্থানান্তর করে মেডিকেল বোর্ডের অধীনে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। এই বোর্ডে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং ইমরানের বোন ডাঃ উজমা খান অন্তর্ভুক্ত থাকবেন। আদালত সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের অনুমতিও পুনর্বহাল করেছিল। চিঠিতে বলা হয়েছে, ‘‌এগুলো অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ।’‌ চিঠিতে আরও বলা হয়েছে, ‘‌উদ্বেগের বিষয় হল, ইমরান খানের হাসপাতালে অবস্থান মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী হয়েছিল। আদালতের নির্দেশিত বোর্ডের পরিবর্তে রাষ্ট্রনিযুক্ত একটা চিকিৎসক দল তাকে পরীক্ষা করে এবং চিকিৎসাগতভাবে সুস্থ ঘোষণা করে। সেই বোর্ডের কাজ শেষ হওয়ার আগেই ইমরানকে আদিয়ালা জেলে ফেরত পাঠানো হয়। তার পরিবার ও আইনি দল বলছে, এটা আদালতের আদেশের পরিপন্থী।’‌

প্রাক্তন অধিনায়করা তাঁদের আবেদনে তিনটি নির্দিষ্ট দাবি তুলে ধরেছেন। প্রথমত, তাঁরা দাবি করেছেন, যেন সুপ্রিম কোর্টের নির্দেশিত মেডিকেল বোর্ডকে ইমরানের স্বাস্থ্যের একটা পূর্ণাঙ্গ ও স্বাধীন মূল্যায়ন করার অনুমতি দেওয়া হয়। যার মধ্যে তাঁর ডান চোখে দৃষ্টিশক্তি হারানোর কথিত উদ্বেগও অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয়ত, তাঁরা কর্তৃপক্ষকে আদালতের মাধ্যমে পুনর্বহাল করা সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের বিষয়টি কোনোও বাধা বা প্রশাসনিক বিলম্ব ছাড়াই মেনে চলার আহ্বান জানিয়েছেন। তৃতীয়ত, প্রাক্তন অধিনায়করা দাবি জানিয়েছেন যে, চিকিৎসা মূল্যায়নের পর সুপারিশকৃত যে কোনো চিকিৎসা যেন ইমরানকে অবিলম্বে প্রদান করা হয়। প্রাক্তন অধিনায়করা জোর দিয়ে বলেছেন যে, তাঁরা পাকিস্তানের অভ্যন্তরীণ আইনি বা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছেন না। চিঠিতে তাঁরা লিখেছেন, ‘‌আমরা পাকিস্তান সরকারের কাছে অস্বাভাবিক কিছু চাইছি না, শুধু চাইছি যে আদালতের এমন একটা আদেশ যেন কার্যকর করা হয়, যা বেশিরভাগ দেশই স্বাভাবিক বলে ধরে নেয়। পাকিস্তানের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার বিচার করার ধৃষ্টতা আমরা করি না। এটা আমাদের কাজ নয়, এবং ফেব্রুয়ারিতে আমরা এই মনোভাব নিয়ে লিখিনি।’‌

চিঠিতে বলা হয়েছে, ‘‌কিন্তু আমরা আবারও বিনীতভাবে অনুরোধ করছি: ১)‌ সুপ্রিম কোর্টের নির্দেশিত মেডিকেল বোর্ডকে, যার মধ্যে ইমরান খানের নিজস্ব চিকিৎসকরাও থাকবেন, তাঁর স্বাস্থ্যের একটা পূর্ণাঙ্গ ও স্বাধীন মূল্যায়ন করার অনুমতি দেওয়া হোক, বিশেষ করে তাঁর ডান চোখে দৃষ্টিশক্তি হারানোর যে খবর পাওয়া গেছে সে বিষয়ে। ২)‌ আদালত কর্তৃক পুনর্বহালকৃত সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ যেন কোনও বাধা বা প্রশাসনিক বিলম্ব ছাড়াই চালু রাখা হয়। ৩)‌ সেই চিকিৎসা মূল্যায়নের ফলাফল যাই হোক না কেন, তাতে সুপারিশকৃত চিকিৎসা যেন অবিলম্বে প্রদান করা হয়। ইমরান খানের বয়স ৭৩ বছর এবং তিনি এখন তিন বছরেরও বেশি সময় হেফাজতে আছেন।’‌

চিঠিটি ইমরানের মাললার বিষয়টি দ্রুত সমাধান করার এবং তাঁর সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করার আবেদনের মাধ্যমে শেষ করা হয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বেশ কয়েকজন বিখ্যাত প্রাক্তন অধিনায়ক রয়েছেন। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন মাইকেল অ্যাথারটন, মাইকেল ব্রিয়ারলি, স্যার অ্যালিস্টার কুক, ডেভিড গাওয়ার, নাসের হুসেন এবং স্যার অ্যান্ড্রু স্ট্রস। অস্ট্রেলিয়ার স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, কিম হিউজ ও স্টিব ওয়া। ভারতের হয়ে সই করেছেন কপিলদেব, সুনীল গাভাসকার ও দিলীপ বেঙ্গসরকার। এছাড়া স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক স্যার ক্লাইভ লয়েড,  শ্রীলঙ্কার অর্জুনা রণতুঙ্গা এবং নিউজিল্যান্ডের জন রাইট রয়েছেন। সম্পূর্ণ তালিকায় রয়েছেন মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, স্যার অ্যালিস্টার কুক, সুনীল গাভাসকরা, লি জার্মান, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, স্যার ক্লাইভ লয়েড, কপিলদেব, নিখঞ্জ দেশমান্য, অর্জুন রণতুঙ্গা, স্যার অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ বেঙ্গসরকার, স্টিভ ওয়া এবং জন রাইট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!