Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১১, ২০২৪

কোচবিহারের পৃথক রাজ্যের দাবিতে অনির্দিষ্টকালের রেল অবরোধ শুরু জোড়াই স্টেশনে, বাতিল বেশ কয়েকটি ট্রেন

আরম্ভ ওয়েব ডেস্ক
কোচবিহারের পৃথক রাজ্যের দাবিতে অনির্দিষ্টকালের রেল অবরোধ শুরু জোড়াই স্টেশনে, বাতিল বেশ কয়েকটি ট্রেন

কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের রেল অবরোধ শুরু করল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। বাংলা-আসাম সীমান্তে কোচবিহারের জোড়াই স্টেশনে এই রেল অবরোধ শুরু হয়েছে। এই অবরোধের জেরে উত্তর-পূর্ব ভারতসহ গোটা দেশের রেল যোগাযোগে প্রভাব পড়েছে। ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। আরও কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

কোচবিহারের পৃথক রাজ্যের দাবিতে আগেই এই রেল অবরোধের হুঁশিয়ারি দিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। বুধবার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার যতক্ষণ না পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ এই রেল অবরোধ চলবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি বংশীবদন বর্মন বলেন, “১৯৪৯ সালের ১২ সেপ্টেম্বরের চুক্তি সরকার রক্ষা করেনি ভারত সরকার। সংবিধান অনুযায়ী কোচবিহার ‘গ’ ক্যাটাগরির রাজ্য। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও মান্যতা দেয়নি। কোচবিহারের আলাদা রাজ্যের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই রেল অবরোধ চলবে।” ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল ও জেলা প্রশাসনের কর্তারা। তবে কেন্দ্র আলোচনার টেবিলে না বসা পর্যন্ত অবরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মন বর্তমানে রাজ্য সরকারের রাজবংশী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। তৃণমূলপন্থী এই নেতা পৃথক রাজ্যের দাবি নিয়ে আবার আন্দোলনে নামায় অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে রাজ্য ভাগের দাবিতে তৃণমূলের সমর্থন নেই বলে পরিস্কার জানিয়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

অবরোধে জেরে বাতিল করা হয়েছে এনজিপি-গুয়াহাটি বন্দে ভারত আপও ডাউনসহ দুরপাল্লার বেশ কয়েকটি ট্রেন। রাজধানী এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। ঘন কুয়াশার কারণে আগেই কয়েকটি ট্রেন বাতিল করার কথা জানিয়েছিল রেল। সবমিলিয়ে অবরোধের জেরে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার রেল যোগাযোগ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!