Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১৯, ২০২৩

জেমিমার দুরন্ত অলরাউন্ডার পারফরমেন্সে সিরিজে সমতা ফেরাল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
জেমিমার দুরন্ত অলরাউন্ডার পারফরমেন্সে সিরিজে সমতা ফেরাল ভারত

সিরিজ বাঁচিয়ে রাখতে গেলে জেতা ছাড়া রাস্তা ছিল না। মরন-বাঁচন ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল ভারতীয় মহিলা দল। বাংলাদেশকে ১০৮ রানে উড়িয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল ভারত। জেমিমা রডরিগেজের দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সই জেতাল ভারতকে। ব্যাট হাতে ৮৬ রান করার পর বল হাতে তুলে নেন ৪ উইকেট।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই ধাক্কা খায় ভর্তি। পঞ্চম ওভারেই ওপেনার প্রিয়া পুনিয়া (৭) তুলে নেন মারুফা আখতার। যস্তিকা ভাটিয়াও (১৫)। ৩৬ রান করে রাবেয়া খানের বলে বোল্ড হন স্মৃতি মানধানা। ৬৮ রানে ৩ উইকেট হারায় ভারত। এরপর হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কাউর ও জেমিমা রডরিগেজ। দুজনের জুটিতে ওঠে ১৩১।

হরমনপ্রীত কাউরকে তুলে নিয়ে জুটি ভাঙেন সুলতানা খাতুন। ৮৮ বলে ৫২ রান করে আউট হন হরমনপ্রীত। তাঁর ইনিংসটি সাজানো ছিল মাত্র ৩টি বাউন্ডারির সৌজন্যে। অন্যদিকে, জেমিমা রডরিগেজ ৭৮ বলে ৮৬ রান করে নাইদা আখতারের বলে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ৯টি বাউন্ডারি। হারলিন দেওল করেন ২৫। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান করে ভারত। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ও নাইদা আখতার ২ টি করে এবং মারুফা আখতার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।

জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভাল হয়নি। ৩৮ রানের মধ্যে ৩ উইকেট হারায়। ফিরে যান শারমিন আখতার (২) মুর্শিদা খাতুন (১২) ও লতা মণ্ডল (৯)। ফারজানা হক (৪৭) ও রিতু মনি (২৭) কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। শেষ পর্যন্ত ৩৫.১ ওভারে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের শেষ ৭ উইকেট পড়ে যায় মাত্র ১৪ রানে। শেষদিকে ধস নামিয়ে ৩ রানে ৪ উইকেট তুলে নেন জেমিমা রডরিগেজ। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে এক ম্যাচে অর্ধশতরান এবং ৪ উইকেট নিলেন জেমিমা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!