- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ১৫, ২০২৩
দুরন্ত অশ্বিনের ৭ উইকেট, ইনিংস ও ১৪১ রানে জয় ভারতের
ওয়েস্ট ইন্ডিজ যে ভারতের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারবে না, প্রথম দিনই বোঝা গিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও সেই একই ছবি। রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত স্পিনে আবার বেসামাল ক্যারিবিয়ানরা। প্রত্যাশামতোই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে নিল ভারত। মাত্র ৩ দিনেই টেস্ট শেষ। রোহিত শর্মাদের জয় ইনিংস ও ১৪১ রানে। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৭১ রানে ৭ উইকেট। ম্যাচে ১২ উইকেট।
প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে প্রথম দিনের শেষে ভারত তুলেছিল ৮০/০। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেটে ৩১২। যশস্বী জয়সওয়াল ১৪৩ ও বিরাট কোহলি ৩৬ রানে ক্রিজে ছিলেন। তৃতীয় দিন ১৭১ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল। কোহলি করেন ৭৬। অজিঙ্কা রাহানে রান পাননি। তিনি মাত্র ৩ রান করে আউট হন। ৫ উইকেটে ৪২১ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে ভারত। রবীন্দ্র জাদেজা ৩৭ রানে অপরাজিত থাকেন।
ইনিংস পরাজয় এড়াতে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২৭১ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যর্থ ক্যারিবিয়ান ব্যাটিং লাইন। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে বেসামাল কার্লোস ব্রেথওয়েটরা। ৫০.৩ ওভারে মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। পাঁচজন ব্যাটার এলবিডব্লিউ হন। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান করেন অ্যালিক অ্যাথানেজ (২৮)। রেমন রেইফার (১১), জারমেইন ব্ল্যাকউড (৫), জোশুয়া ডি সিলভা (১৩), আলজারি জোসেফ (১৩), রাহকিম কর্নওয়াল (৪), কেমার রোচ (০) ব্যর্থ। জোমেল ওয়ারিকান করেন ১৮। ২ জেসন হোল্ডার ২০ রানে অপরাজিত থাকেন। দুরন্ত বোলিং করে ৭১ রানে ৭ উইরকেট তুলে নেন অশ্বিন। ৩৮ রানে ২ উইকেট পান রবীন্দ্র জাদেজা। ১টি উইকেট নেন মহম্মদ সিরাজ।
এই টেস্টে ১৩১ রানে ১২ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। ৮ বার কোনও টেস্টে ১০ বা তার বেশি উইকেট নিলেন ভারতীয় দলের এই অভিজ্ঞ স্পিনার। ৩৪ বার ইনিংসে ৫ উইকেট নিয়ে স্পর্শ করলেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের কৃতিত্ব।
❤ Support Us







