Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • এপ্রিল ৩০, ২০২৫

২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপ নেবে ভারত, দাবি পাক তথ্যমন্ত্রীর। দিলেন পাল্টা হুঁশিয়ারি

আরম্ভ ওয়েব ডেস্ক
২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপ নেবে ভারত, দাবি পাক তথ্যমন্ত্রীর। দিলেন পাল্টা হুঁশিয়ারি

আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানকে আক্রমণ করতে পারে। এমনই দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এই ব্যাপারে তাঁদেদ কাছে ‘‌বিশ্বাসযোগ্য তথ্য’‌ আছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি আতাউল্লাহ তারার হুঁশিয়ারি দিয়েছেন যে, ভারত যদি সামরিক পদক্ষেপ নেয় তাহলে তার পরিণতি খুবই খারাপ হবে।

মঙ্গলবার মধ্যরাতে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘‌আমাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আক্রমণের পরিকল্পনা করছে। ভারতের যে কোনও পদক্ষেপ পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে। পাকিস্তান যে কোনও মূল্যে তার ভূখণ্ড রক্ষা করবে।’‌ তারার আরও বলেন, ‘‌জাতি তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে প্রয়োজনীয় সকল উপায়ে রক্ষা করবে। ভারত যদি পাকিস্তানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে বিপর্যয়কর এবং ধ্বংসাত্মক খরচের জন্য তারাই একমাত্র দায়ী থাকবে।’‌

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার কোনও প্রমাণ ভারত দিতে পারেনি বলে দাবি করে তারার বলেন, ‘‌ভারতীয় বাহিনী ভিত্তিহীন এবং সাজানো অভিযোগের ভিত্তিতে পাকিস্তান আক্রমণের পরিকল্পনা করছে। বিচারক, জুরি এবং জল্লাদ হওয়ার ভারতের অভ্যাস পাকিস্তান স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।’‌ ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের বৈসরনে সংঘটিত হামলায় সন্ত্রাসীরা কমপক্ষে ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করে।

পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পৃথককারী সামরিক সীমানা পাহারায় নিয়োজিত ভারতীয় সৈন্যদের উসকানি দেওয়ার চেষ্টা করছে, এমন এক সময়ে তারার এই দাবি করলেন। পহেলগাঁও হামলার প্রতি ভারতের সামরিক প্রতিক্রিয়ার ধরণ, লক্ষ্যবস্তু এবং সময় নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা দেওয়ার কয়েক ঘন্টা পরে তারারের এই সাংবাদিক সম্মেলন। মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে সতর্ক করেছিলেন। আসিফ স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, ‘‌যদি কিছু ঘটে, তাহলে তা দুই বা তিন দিনের মধ্যে ঘটবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!