Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৯, ২০২৬

বাবা ভারতের হয়ে খেলতে পারেননি, ২০২৬ বিশ্বকাপ খেলবেন ছেলে তাহসিন

আরম্ভ ওয়েব ডেস্ক
বাবা ভারতের হয়ে খেলতে পারেননি, ২০২৬ বিশ্বকাপ খেলবেন ছেলে তাহসিন

২০২৬ বিশ্বকাপের অংশ নয় ভারত। না থেকেও এবছর ফুটবল বিশ্বকাপে রয়েছে ভারত। আর সেটা তাহসিন মহম্মদ জামশেদের সৌজন্যে। ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলারকে এবার ফুটবল বিশ্বকাপে মাঠ কাঁপাতে দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপের জন্য কাতারের ঘোষিত ২৬ সদস্যের দলে নির্বাচিত হয়েছেন তাহসিন মহম্মদ জামশেদ। ২০০৬ সালে ফ্রান্সের হয়ে খেলা বিকাশ ধোরাসুর পর তাহসিনই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার যাকে ফুটবলের এই মেগা ইভেন্টে খেলতে দেখা যাবে। বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চলেছেন তাহসিন মহম্মদ জামশেদ।

কেরালার কোঝিকোড়ের (কালিকট) বাসিন্দা তাহসিন মহম্মদ জামশেদ থাচানকান্দিও ফুটবলার ছিলেন। স্বপ্ন ছিল দেশের জার্সি গায়ে খেলা। কিন্তু তিনি কখনও ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। ১৯৯২ সালে জামশেদ ভারতীয় যুব ফুটবল ক্যাম্পের জন্য নির্বাচিত হন। সেই সময় তিনি কেরালার অন্যতম সেরা ফুটবলার জো পল আনচেরির সঙ্গে খেলতেন।

আন্তঃবিশ্ববিদ্যালয়ের ম্যাচ খেলতে গিয়ে চোট পান। সেই চোটই তাঁর ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। থাচানকান্দি স্বপ্ন পূরণ না হলেও তাঁর ছেলে অবশ্য ২০২৬ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলছেন। ১৯ বছর বয়সী তাহসিন বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে ইতিহাস গড়তে চলেছেন।

১৯৯৬ সালে স্ত্রী শাইমাকে নিয়ে কাতার পাড়ি দেন থাচানকান্দি। দোহায় গিয়েই ফুটবলপ্রেমে কোনও ঘাটতি ছিল না জামশেদ থাচানকান্দির। প্রতি শুক্রবার স্থানীয় মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেন। চার বছর বয়স থেকেই তাহসিন মাঠের বাইরে ডাগআউটে বসে বাবার খেলা দেখতেন। বাবার খেলা দেখতে দেখতেই ফুটবলের প্রতি তাহসিনের ভালোবাসা জন্মায়। ছেলের ফুটবলের প্রতি আগ্রহ দেখে তাহসিনকে অ্যাসপায়ার আকাডেমিতে ভর্তি করে দেন জামশেদ।

অল্প বয়সেই স্থানীয় কাতারি কোচদের নজরে আসেন তাহসিন। ২০১৭ সালে তিনি আল-দুহাইল এসসি-র সাব-জুনিয়র দলে নির্বাচিত হন। এরপর তিনি কাতারের বিশ্বখ্যাত ফুটবল উন্নয়ন কর্মসূচি, অ্যাসপায়ার আকাডেমির অংশ হন। সেখানেই তিনি তাঁর খেলার দক্ষতা আরও উন্নত করেন। আল-দুহাইলে তিনি মার্কো ভেরাত্তি এবং ফিলিপে কুটিনহোর মতো আন্তর্জাতিক তারকাদের সাথে সময় কাটানোর এবং তাঁদের কাছ থেকে শেখার সুযোগ পান। এরপর তিনি যথাক্রমে ২০২৩ এবং ২০২৪ সালে কাতারের অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক করেন। মাত্র ১৭ বছর বয়সে আফগানিস্তানের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাতারের হয়ে তাঁর সিনিয়র অভিষেক হয়। এরপর আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি।

কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দারুন ভক্ত তাহসিন। কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে তিনি গ্যালারি থেকে পর্তুগাল ও কাতারের ম্যাচগুলো উপভোগ করেছিলেন। কিন্তু এবার তিনি স্টেডিয়ামের গ্যালারি ছেড়ে মাঠের মাঝখানে দেশের প্রতিনিধিত্ব করবেন। বিকাশ ধোড়াসু পর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চ কাঁপাবেন তাহসিন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!